Monday, November 30, 2015

নাইকো মামলা খালেদা আদালতে যাবেন আজ

নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকাল ১০টায় পুরান ঢাকার বিশেষ জজ-৯ এর আমিরুল ইসলামের আদালতে হাজির হতে গুলশানের বাসভবন থেকে রওনা হবেন তিনি। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন। গত ১৮ই জুন খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে তার জামিনের বিষয়টি বিবেচনায় নিতে নিম্ন আদালতকে বলেছেন উচ্চ আদালত। ২০০৭ সালের ৯ই ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।  কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ আনা হয় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এর ২০০৮ সালের ৫ই মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান। উল্লেখ্য, গত ২১শে নভেম্বর চোখের চিকিৎসা শেষে লন্ডন থেকে দুই মাসের বেশি সময় পর দেশে ফিরেন খালেদা জিয়া।

No comments:

Post a Comment