শেয়ারবাজারে লেনদেনের পালে হাওয়া লেগেছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায়
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০
কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি ২৮ লাখ টাকা। গত ৩
মাসের মধ্যে এটিই ডিএসইর সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২০শে আগস্ট ডিএসইতে
সর্বোচ্চ ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে বড় ধরনের উন্নতি হয়েছে। সিএসইতে লেনদেন
হয়েছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। ৩ মাসের মধ্যে এটিও সিএসইর সর্বোচ্চ লেনদেন। এর
আগে ১৯শে আগস্ট স্টক এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ ৮৬ কোটি ২৭ লাখ টাকা লেনদেন
হয়েছিল। বাজার সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ
সমন্বয়ে ২ বছর সময় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণার পর প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। একই সঙ্গে ব্যক্তি বিনিয়োগকারীরাও বাজারে
সক্রিয় হতে শুরু করেছেন। এ কারণে বাজারে লেনদেনের পরিমাণ বাড়ছে। এদিকে টানা
৫ দিন ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার ডিএসইতে সূচক কমেছে। তবে অপর শেয়ারবাজার
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বেশির
ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্সের পতন
হয়েছে ১১.৭০ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৮৫.১০ পয়েন্টে। রোববার
সূচক বেড়েছিল ৬৫.১৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে
দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। এদিকে সোমবার
থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের।
লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির শেয়ারের দর দিনশেষে বেড়েছে ৩৭%। এদিকে
রোববারের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন বাড়ার
এ হার ৩৬.১৩%। রোববার লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের
শীর্ষে রয়েছে সিমটেক্স। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। লেনদেন
হয়েছে ২২ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকা। লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক
ইন্ডাস্ট্রিজ। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস,
ফার কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস,
স্কয়ার ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স
২৭.৮৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫২৮.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫
কোটি ৮৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর
বেড়েছে ১১৩টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত রয়েছে ২২টির দর।
Tuesday, November 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment