Thursday, November 26, 2015

পরিচয় পর্ব সারছেন প্রার্থীরা

মাধবপুর পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে লবিং-গ্রুপিং শুরু করেছেন। নির্বাচনের দিন-তারিখ ঘোষণা না হলেও নিজেকে প্রার্থী হিসেবে জানান দিতে সর্বত্র ব্যানার ও পোস্টার লাগিয়েছেন। পরিচয় পর্ব চলছে প্রার্থীদের সঙ্গে ভোটারদের। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার প্রচেষ্টায় ১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি মেয়র পদটি আওয়ামী লীগের দখলে রয়েছে। গত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিমকে পরাজিত করে হিরেন্দ্র লাল সাহা পৌরসভার মেয়র নির্বাচিত হন। এবার দলীয় প্রতীকে নির্বাচন ঘোষণা দেয়ার পর অনেকেই নড়েচড়ে বসেছেন। দলীয় মনোনয়ন পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে বর্তমান মেয়র, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র শাহ মো. মুসলিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বকুল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। শাহ মো. মুসলিম বলেন আমি ছাত্র জীবন থেকে সুদিন-দুর্দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী। বিল্লাল হোসেন বকুল বলেন দল মনোনয়ন দিলে নির্বাচন করব। বিগত দু’টি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন হাবিবুর রহমান মানিক। এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন। তবে দলীয় সিদ্ধান্তে যে মনোনয়ন পাবেন তার পক্ষেই নির্বাচন করবেন। বিগত দু’নির্বাচনে হামিদুর রহমান হামদু দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। মাধবপুর বিএনপির মধ্যে প্রকাশ্যে কোন কোন্দল নেই। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। সম্প্রতি মাধবপুরে যুব সংহতির ঈদ পুনর্মিলনী সভায় জাপার কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক মৃধা এমপিসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে জাপার প্রার্থী হিসেবে পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাজী আবুল বাশারকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে তিনি মাঠে কাজ করছেন। মাধবপুর পৌরসভায় মোট ভোটার ১২,৯৮৭ জন।

No comments:

Post a Comment