Thursday, November 26, 2015

চলছে প্রতিশ্রুতি বিনিময়

নেত্রকোনা পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগাম প্রচারণায় মাঠে নেমেছেন। আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতারা বসে নেই। তারা বিনা যুদ্ধে কোনভাবে ক্ষমতাসীন দলীয় প্রার্থীদের সহজে পার পেতে দেবে না। নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবার দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন ঘোষণায় অনেকেই খুশি আবার অনেকেই হতাশ। তেমন জনপ্রিয়তা না থাকলেও দলের ওপর মহলে যোগাযোগ থাকার সুবাদে অনেকেই দলীয় প্রতীকে নির্বাচন ঘোষণায় ভীষণ খুশি। নিজের জনপ্রিয়তা না থাকলেও দলীয় প্রতীকের জোরে নির্বাচনী বৈতরণী পার হয়ে মেয়র কিংবা কাউন্সিলর হওয়ারসমূহ সম্ভাবনা রয়েছে। এমন প্রার্থীরা বেশির ভাগ ছুটছে এলাকার মন্ত্রী, এমপি, জেলা ও থানার শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে। যেভাবেই হোক তাদের আশীর্বাদ নেয়া চাই। তাই করছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকায় কোন সমস্যা থাকবে না। আসন্ন পৌর নির্বাচনে সরকারবিরোধী আন্দোলনের অংশ বা কৌশল হিসেবে অংশগ্রহণ করবে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের নেতারা। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে আগামী পৌরসভার নির্বাচন ক্রমশ জমে উঠতে শুরু করেছে। একই সঙ্গে দলীয় প্রার্থী হওয়া নিয়ে দলের ভেতর অভ্যন্তরীণ কোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে। নির্বাচন যতই এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে। এবার পুরনোদের পাশাপাশি অনেক নতুন মুখ যোগ হয়েছে। তাদের ছবি সংবলিত ডিজিটাল, ব্যানার, ফেস্টুন, পোস্টার জানান দিচ্ছে আমরাও আছি নির্বাচনী ময়দানে। পৌর নাগরিক ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বাহারী রঙ বেরঙয়ের ডিজিটাল ব্যানার ফেস্টুন বানিয়ে ঈদ ও পূজার সময় পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা ভোটারদের মন জয় করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। প্রার্থীদের এমন তৎপরতার ফলে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অপর দিকে মামলা হামলা, জেল-জুলুমে কাতর বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। নানামুখী শঙ্কার কথা মাথায় রেখেই এলাকার নেতা-কর্মী, সমর্থক ছাড়াও জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করছেন। মুরব্বিদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। এলাকাবাসীও এই সুযোগে তাদের এলাকার নানাবিধ সমস্যার কথা প্রার্থীদের সামনে তুলে ধরে প্রতিকার দাবি করছেন। প্রার্থীরাও সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন, সমস্যা থাকবে না এলাকায় সব সমস্যা সমাধান করা হবে। চায়ের স্টল থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ, বিপণিবিতান, বিভিন্ন সমিতি, ক্লাব ও রাজনৈতিক কার্যালয়সহ সর্বত্রই নির্বাচনী আলাপচারিতায় মুখরিত হয়ে উঠছে। নেত্রকোনা পৌরসভায় যেসব সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জিএস, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান রতন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ফুটবলার আরিফ খান জয়ের ছোট ভাই জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ফুটবলার মাসুদ খান জনি, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান রেড ক্রিসেন্টের সেক্রেটারি আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনার বর্ষীয়ান জননেতা সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান খানের মেয়ে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের মেয়ে নেত্রকোনা সরকারি কলেজছাত্র সংসদের সাবেক কমনরুম সম্পাদিকা অর্পিতা খানম সুমী ও নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান। বিএনপি আসন্ন পৌর নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করবে কিনা? তা সুস্পষ্ট না হওয়ায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। তারা প্রকাশ্যে তেমন নির্বাচনী তৎপরতা না চালালেও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় হাইকমান্ডের সমর্থন লাভের জন্য গোপনে তৎপরতা চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব ভুঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য আবু আব্বাছের ছেলে লতিফ হায়দার টিটু আব্বাছ ও নেত্রকোনা জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের কমনরুম সম্পাদিকা সাবিনা দেওয়ান কদ্দুছ রনু।

No comments:

Post a Comment