Saturday, November 28, 2015

জাপানি নাগরিক মিয়েতার লাশের ময়নাতদন্ত সম্পন্ন

জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতার লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর আগে সকাল ৬টায় উত্তরার ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের উপস্থিতে মিয়েতার লাশ উত্তোলন করা হয়। এ সময় পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) নুরে আলম, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ও মিয়েতা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক কাজী শাহান হক উপস্থিত ছিলেন। উত্তোলন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের ময়নাতদন্তকারী ঢামেক’র সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এই প্রসঙ্গে মানবজমিনকে জানান, লাশের ভিসেরা, ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এর প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদন পেলেই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করেন তিনি।গত বৃহস্পতিবার হিরোয়ি মিয়েতার লাশ উত্তোলনের অনুমতি দেন আদালত। চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন। হিরোয়ি মিয়েতাকে হত্যা করা হয়েছে নাকি তিনি রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই রহস্য উদঘাটনের জন্য লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী শাহান হক। আদালত নির্দেশ দিলে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। গত ২৯শে অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে ভুল তথ্য দিয়ে জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতাকে দাফন করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেছে। প্রায় ১০ বছর যাবৎ বাংলাদেশে বসবাস করছেন মিয়েতা।  রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ের সিটি হোমসে থাকতেন তিনি। গত আগস্টে বসুন্ধরা আবাসিক এলাকায় গার্মেন্ট ব্যবসায়ী ফখরুল ইসলামের বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ উঠেছে, সেখানে আটকে রেখে তাকে হত্যা করা হয়েছে। মিয়েতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের নির্দেশে গত মঙ্গলবার চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment