Saturday, November 28, 2015

নতুন ব্যাংকের সুযোগ

 ব্যাংকিং মেলায় নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছে নতুন ৯টি ব্যাংক। এসব ব্যাংক যে সত্যিই নতুন পণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে, এ মেলায় তা তুলে ধরার চেষ্টা করছে। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকিং মেলায় নতুন ব্যাংকগুলোর স্টল ঘুরে এমন চিত্রই দেখা যায়। ২০১২ সালে নতুন ৯ ব্যাংক অনুমোদন পায় ও যাত্রা করে। এর মধ্যে দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে ৬টি ও প্রবাসীদের উদ্যোগে গঠিত হয় ৩টি ব্যাংক। ব্যাংকগুলো হলো মিডল্যান্ড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, ফারমার্স, মেঘনা, মধুমতি, ইউনিয়ন, এনআরবি, এনআরবি কমার্শিয়াল ও এনআরবি গ্লোবাল। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুর ইসলাম বলেন, বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে ব্যাংকিং মেলা। ব্যাংকে তো আর সবাইকে ডেকে আনা সম্ভব হয় না, মেলার সুবাদে সবাই আমাদের সম্পর্কে জানতে পারছে। ব্যাংকের কাজটা কী এটাও আমরা জনগণকে জানানোর সুযোগ পাচ্ছি। ব্যাংক যে মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটাই তুলে ধরছি। মেলায় নতুন ব্যাংকগুলোর স্টল ঘুরে দেখা যায়, মেঘনা ব্যাংক নবরূপা সেবাপণ্যে জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। আংশিক জামানত নিয়ে ২৫ লাখ ও পূর্ণাঙ্গ জামানত নিয়ে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া মেঘনা ব্যাংক আমানত প্রকল্প স্কিমে প্রতি মাসে ৫০০ টাকা জমাতেই ১০ বছর শেষে ১ লাখ ৬ হাজার ২০০ টাকার মালিক হওয়ার সুযোগ দিচ্ছে। ফারমার্স ব্যাংক মাসিক সঞ্চয়, মাসিক মুনাফা, দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে আমানত সংগ্রহের প্রচারণা চালাচ্ছে। এছাড়া চিকিৎসক, ইচ্ছা পূরণ, আপন ঘর ঋণপণ্যের মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মিডল্যান্ড ব্যাংক ব্যক্তিগত ঋণ, নারী উদ্যোগ, হোম লোন, কৃষি, সিকিউরড ঋণ, গ্রিন, আইটি উদ্যোগ এসব ঋণ সেবার প্রচারণা চালাচ্ছে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক নিয়মিত, স্থায়ী, বিশেষ সুবিধা, মাসিক সঞ্চয়ী, মাসিক মুনাফা ও লাখপতি প্রকল্পে আমানত সংগ্রহের প্রচারণা চালাচ্ছে। ইউনিয়ন ব্যাংক কৃষিতে ১০ শতাংশ, বড় ও মধ্যম শিল্প খাতে ১৪ থেকে ১৫ দশমিক ৫ শতাংশ, রপ্তানিতে ৭ শতাংশ মুনাফায় ঋণ প্রদানের প্রচারণা চালাচ্ছে। এছাড়া এনআরবি ব্যাংক ইয়ং এন্ট্রাপ্রেনিউর, প্রসার এসব পণ্যের মাধ্যমে এসএমই ঋণ প্রদানের প্রচারণা চালাচ্ছে। এনআরবি গ্লোবাল ব্যাংক শিক্ষা, প্রসার, নন্দিনী, কিষাণ এসব প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করছে। মেলায় উপস্থিত এনআরবি ব্যাংকের কর্মকর্তা অমিত হাসান বলেন, গ্রাহকরা আমাদের সম্পর্কে যেভাবে জানতে চাইছে, আমরা সেভাবেই নিজেদের তুলে ধরছি। পণ্যগুলো সম্পর্কে গ্রাহকদের অবহিত করছি।

No comments:

Post a Comment