Friday, November 27, 2015

বিএসজেএ মিডিয়া কাপে মানবজমিনের সঙ্গে আরটিভির ড্র

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দৈনিক মানবজমিন-এর সঙ্গে গোলশূন্য ড্র করেছে গত আসরের চ্যাম্পিয়ন আরটিভি। আজ সকালে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কয়ারের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ একেএম মারুফুল হক, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র হয়েছে। ‘এ’ গ্রুপে বিডিনিউজ২৪.কম ও নিউএইজের ম্যাচটি ১-১ গোলে, ‘বি’ গ্রুপে মাছারাঙা ও যুগান্তরের ম্যাচ ২-২ গোলে, ই গ্রুপে আরটিভি ও মানবজমিনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিডিনিউজের কামাল তালুকদার, মাছরাঙার এমদাদ ও আরটিভির রাকিব মানিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঢাকা ট্রিবিউনকে ৯-০ গোলে হারিয়ে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে সমকাল। সমকালের রাশেদুল ও সাদমান হ্যাটট্রিক করেছেন। ‘জি’ গ্রুপের ম্যাচে সময় টিভিকে ৪-০ গোলে হারিয়ে দিনের দ্বিতীয় বড় জয় পেয়েছে আলোকিত বাংলাদেশ। ‘এফ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডেইলি স্টার ৪-২ গোলে সকালের খবরকে হারিয়েছে। ডি গ্রুপে মাহফুজ রহমানের একমাত্র গোলে বাংলাভিশন ইন্ডিপেনডেন্টকে হারায়। সি গ্রুপের ম্যাচে বাসস নির্ধারিত সময়ে মাঠে অনুপস্থিত থাকায় প্রতিপক্ষ যমুনা টিভি বিজয়ী হয়েছে। সমকালের রাশেদুল ইসলাম, আলোকিত বাংলাদেশের শফিক কলিম, ডেইলি স্টারের রাফিউল ইসলাম ও বাংলাভিশনের মাহফুজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এদিকে আগামীকাল সকাল ৯টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মানবজমিনের প্রতিপক্ষ জিটিভি।

No comments:

Post a Comment