Friday, November 27, 2015

শিয়া মসজিদে হামলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিন্দা

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট ও বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন মসজিদে হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তারা হামলার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, একটি শিয়া মসজিদে বাংলাদেশীরা নামাজ আদায় করার সময় হামলার ঘটনায় আমি অত্যন্ত হৃদয়ভারাক্রান্ত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতার দীর্ঘ দিনের ঐতিহ্যকে শ্রদ্ধার চোখে দেখে উল্লেখ করে বার্নিকাট বলেন, এমন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশের পাশে আছে তার দেশ। এক বিবৃতিতে বৃটিশ হাইকমিশনার গিবসন বলেন, বগুড়ার কাছে একটি মসজিদে নামাজের সময় ইবাদতকারীদের ওপর বর্বর হামলায় আমি মর্মাহত। নিজেদের ধর্মবিশ্বাস চর্চারত মানুষের ওপর এমন হামলার যথার্থতা কোন কিছুই দিতে পারে না। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গিবসন। উল্লেখ্য, বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে শিয়া মসজিদে বন্দুকধারীদের হামলায় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। আহত হন তিন মুসল্লি।

No comments:

Post a Comment