যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। ওপার বাংলার সোহম এবং বাংলাদেশের বিদ্যা
সিনহা মিম অভিনীত এ ছবিটি ভারতে মুক্তি পেয়েছে আজ। কিন্তু যৌথ প্রযোজনার
ছবির সঠিক নীতিমালা ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে থাকায়
একই দিনে ঢাকায় মুক্তি পায়নি। তবে তথ্য মন্ত্রণালয় ২৬ নভেম্বর সন্ধ্যায়
ছবিটির ছাড়পত্র দেয়। এ কারণে ভারতে মুক্তির এক সপ্তাহ পর ছবিটি বাংলাদেশে
মুক্তি পাচ্ছে আগামী ৪ঠা ডিসেম্বর। এ ছবিটির ছাড়পত্র না পেলে ঐদিন দেলোয়ার
জাহান ঝন্টুর ‘এপার ওপার’ ছবিটি মুক্তির সম্ভাবনা ছিল। বাংলাদেশ চলচ্চিত্র
পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু এ বিষয়ে মানবজমিনকে বলেন,
‘ব্ল্যাক’ ছবিটি আমরা সেন্সরে দেখেছি। ছবিটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের
লেখালিখির কারণে সেন্সরে আটকে দেয়া হয়েছিল। তবে ছবিতে তেমন কোনো সমস্যা নেই
বলে সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছে। আর এজন্য আমার ‘এপার ওপার’ ছবিটি পরে
মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি ‘ব্ল্যাক’ মুক্তি না পেত তাহলে ৪ঠা
ডিসেম্বর আমার ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকরা দেখতে পেতেন। ভারতের দাগ
ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়
‘ব্ল্যাক’ ছবিটি। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। তথ্য মন্ত্রণালয়ের রিভিউ
কমিটি ছবিটি আবার দেখার পর বৃহস্পতিবার এর সেন্সর ছাড়পত্র দেয়। এ ছবি
প্রসঙ্গে মিম মানবজমিনকে বলেন, সেন্সর ছাড়পত্রের খবরটা জেনে ভালো লাগছে।
ছবিটি বাংলাদেশে পরে মুক্তি পেলেও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। তবে
দুইদেশে একসঙ্গে মুক্তি পেলে আমি ও সোহম মিলে হলে গিয়ে ছবির প্রচারণায় অংশ
নিতে পারতাম। কিন্তু এখন জানি না সোহম বাংলাদেশে আসবেন কি-না। তবে আমার
প্রেক্ষাগৃহে যাবার ইচ্ছে আছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী আমি। সোহম-মিম ছাড়াও
এ ছবিতে আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ। অন্যদিকে,
‘ব্ল্যাক’ ছাড়াও ‘রক’ নামে আরেকটি ছবিতে অভিনয় করবেন মিম। এর বাইরে ওয়াজেদ
আলী সুমনের পরিচালনায় ‘সুইট হার্ট’ এবং তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’
ছবি দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment