Thursday, November 26, 2015

অলোক সেনকে ঢাকায় আনা হয়েছে, আতঙ্কে পরিবার

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অলোক সেনের ওপর হামলার পর আতঙ্কে রয়েছে তার পরিবার। হামলার পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গতকাল দুপুরে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অলোক সেনের দুই হাতে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত রয়েছে। এর মধ্যে দু’টি আঘাত গুরুতর। তার হাতের রগ কেটে গেছে। হামলার পরপর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ায় অনেকটা আশঙ্কামুক্ত তিনি। অলোক সেনের স্ত্রী শিখা ঘোষ জানান, অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। অলোক সেনের উপর হামলা প্রসঙ্গে তিনি জানান, ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকাল প্রায় ৪টার দিকে বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে এক যুবক অলোক সেনকে ডাকছিল। অলোক গেইট খুলে বাইরে যেতেই তার উপর হামলা চালানো হয়। চিৎকার শুনে তার স্ত্রী শিখা ঘোষ দ্রুত বাসা থেকে বের হন। এ সময় স্বামী অলোক সেনকে রক্ষা করার জন্য তার উপরে পড়ে যান তিনি। কিন্তু এতে হামলাকারীরা থেমে যায়নি। শিখাকে লাথি দিয়ে সরিয়ে অলোক সেনের উপর হামলা চালানো হয়। শিখা জানান, এ সময় দুই যুবককে দেখেছেন তিনি। তাদের মধ্যে একজন অলোক সেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। হামলার একপর্যায়ে চিৎকার শুনে পাশের বাড়ির এক যুবক এগিয়ে গিয়ে হামলাকারী একজনকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। তাকে ধাক্কা দিয়ে ফেলে তারা দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, তাদের কোন শত্রু নেই। অলোক সেন রাজনীতি করেন না। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ফরিদপুরে এই সংগঠনের কোন কার্যক্রম নেই বলে জানান শিখা ঘোষ। এই সংগঠন নিয়ে কারও সঙ্গে কোন বিরোধ নেই তার। কোন কারণে কেউ তাকে হুমকিও দেয়নি। শিখা ঘোষ বলেন, হামলাকারী ও হামলার কারণ সম্পর্কে কোন ধারণা করতে পারছি না। তবে অলোক সেন সুস্থ হলে এ বিষয়ে তিনি কোন ধারণা দিতে পারেন বলে মনে করেন শিখা।
অলোক সেনের আত্মীয় সজীব ঘোষ জানান, মা ভিসা এজেন্ট নামে ফরিদপুর শহরের নীলঘুড়িবাজারে একটি প্রতিষ্ঠান রয়েছে অলোক সেনের। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ভারতসহ কয়েক দেশের ভিসা প্রক্রিয়ার কাজ করেন তিনি। এসব বিষয় নিয়ে কারও সঙ্গে তার বিরোধ থাকতে পারে। ঘটনার ক্লু উদ্ধার করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, অলোক সেনকে ডেকে নিয়ে হামলা করা হয়েছে। ঘটনাস্থলটি তার বাড়ির মূল গেটের ভেতরে। তাই ধারণা করা হচ্ছে পরিচিতরাই তাকে কুপিয়েছে। তিনি সুস্থ্য হলেই এ বিষয়ে জানা যাবে।

No comments:

Post a Comment