Wednesday, November 18, 2015

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পরামর্শ মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। এ জন্য বিমানবন্দরের নিরাপত্তা সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে তিনি জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সাথে বিমান পরিবহন নিরাপত্তা জোরদার বিষয়ক বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা সহযোগিতা দিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অন্য দেশকেও আমরা সহযোগিতা করছি। আমরা সারাবিশ্বের যে কোনো স্থানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয়। আমরা চাই প্রত্যেকে নিরাপদে থাকুক।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশী নাগরিকদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। এর জন্য বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছি।
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশের হজরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ক্যাটাগরি ওয়ান’ স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তাব দিয়েছি। টিকফা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এজন্য প্রয়োজনীয় আইন-কানুন, জনবল কাঠামোসহ অন্যান্য শর্তগুলো পূরণের কাজ চলছে।

No comments:

Post a Comment