Saturday, November 28, 2015

নির্বাচন পেছানোর দাবি ওয়ার্কার্স পার্টিরও

 আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। ১৫ দিন পেছানোর শর্তে বিএনপির আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার ৪ ঘণ্টার মাথায় একই দাবি জানালো দলটি। দলটির মতে, এই স্বল্প সময়ে নির্বাচন করতে সক্ষম নয় নির্বাচন কমিশন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শুক্রবার বিকালে এক বিবৃতিতে পৌরসভা নির্বাচনের তফসিল আরও কিছুদিন পেছানোর দাবি জানান। একই সঙ্গে বিবৃতিতে তারা সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় সুযোগ দেয়ার দাবি করেন। সরকার ও আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির এই দুই নেতা বলেন, দলীয়ভাবে এবং দলীয় প্রতীকে এই প্রথমবার নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি একে দৃঢ়ভাবে সমর্থন করে। তবে এই ক্ষেত্রে দলসমূহকে তাদের প্রার্থী বাছাই এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে ওই মনোনয়নের তথ্য জানানোর জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন।বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, এটা তাদের আচরণে লক্ষণীয়। নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন এবং বিশেষ করে নির্বাচন আচরণ বিধি নিয়ে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সামান্যতম মতবিনিময় করে নাই। কেবল তাই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচন সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়ার মাধ্যমে এই নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে। এ নির্বাচন নিয়ে আরও বিভ্রান্তি হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করবে। ওয়ার্কার্স পার্টি এই সামগ্রিক বিষয়ে আলোচনা করার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

No comments:

Post a Comment