Tuesday, November 24, 2015

চাঁদাবাজি মামলায় নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। স্বল্পসময়ের মধ্যেহাজিরা শেষ হলে তাকে আবার জেলহাজতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় তাকে জেলহাজত থেকে সিদ্ধিরগঞ্জ থানার করা একটি চাঁদাবাজি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরিফের আদালতেহাজির করা হয়। এ মামলায় ১৩ আসামি। নূর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হাজির করা হয়। হাজিরা শেষে সকাল ১০টায় তাকে আদলত থেকে আবার জেলাহাজতে নিয়ে যায় পুলিশ। আদমজী ইপিজেডের ব্যবসায়ী আকরাম হোসেন বাদী হয়ে এ মামলা করেন। আদালতে নূর হোসেনের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। জামিনের আবেদনও করা হয়নি।সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নূর হোসেনকে ১৩ই নভেম্বর দেশে ফিরিয়ে এনে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশ আদালতে জানায়, তার বিরুদ্ধে সাত খুনসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলার একটিতে আজ (সোমবার) নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। কিন্তু আমরা তার আদালতে হাজিরার বিষয়টি জানতাম না।২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকা থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০শে এপ্রিল ৬ জনের ও পরদিন আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে এ দুটি মামলায় গ্রেপ্তার করে। দীর্ঘ এক বছর মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুটি মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, নূর হোসেনসহ ৩৫ আসামিকে অভিযুক্ত করে চলতি বছরের ৮ই এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিভিন্ন সময়ে র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ২২ জন গ্রেপ্তার হন। ১৯ মাস পর গত ১২ই নভেম্বর নূর হোসেনকে ভারতের কারাগার থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৩ই নভেম্বর সাত খুনসহ ১১ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে নূর হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

No comments:

Post a Comment