মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর
রহমান নিজামীর আপিল আবেদনের ওপর আসামিপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক
উপস্থাপন শেষ হয়েছে। আজ সকালে যুক্তিতর্ক উপস্থাপন আবার শুরু হবে। প্রধান
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চে
শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা
সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর
আগে গত ৯ই সেপ্টেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত ছয় কার্যদিবসে
ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ হয়। ৯ই সেপ্টেম্বর
প্রথমদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর
নিজামীর পক্ষে এক নম্বর অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট-অন রেকর্ড জয়নুল
আবেদীন তুহিন। ১৭, ১৯, ২৩, ২৪ ও ২৫শে নভেম্বর পরবর্তী পাঁচ দিন শুনানি করেন
এস এম শাহজাহান। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯শে অক্টোবর
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ
রায়ের বিরুদ্ধে ফাঁসির আদেশ বাতিল চেয়ে ওই বছরের ২৩শে নভেম্বর আপিল করেন
নিজামী।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment