Wednesday, December 2, 2015

‘৭৫ সালের আগে বাংলাদেশে কোনো বিভাজন ছিল না’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৫ই আগস্টের পর যুদ্ধাপরাধীদের দেশে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান ও এরশাদ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির বিভাজন বাংলাদেশে ছিল না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ বিভাজনটা ইচ্ছা করেই করা হয়েছে। অনেকেই আমরা এ ফাঁদে পা দিয়েছি। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আশরাফ বলেন, জার্মানিতে হিটলার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল। যুদ্ধে তাদেরকে পরাজিত করা হয়। কিন্তু এখনও জার্মানিতে হিটলার ও নাৎসীদের নাম নেয়া হয় না। আমারও পাকিস্তানিদের যুদ্ধে পরাজিত করেছি। তিনি বলেন, আজ সমগ্র জাতির ঐক্যবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখছি বিভাজন। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আপনাদের সামনে অঙ্গীকার করেছিলাম, ক্ষমতায় এলেই যুদ্ধাপরাধীদের বিচার করবো। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একের পর এক মামলা করা হয়েছে, সেই মামলার তদন্ত হয়েছে, বিচার হয়েছে এবং অনেকের রায়ও কার্যকর করা হয়েছে। এটা আমাদের পরম পাওনা। এতে লক্ষ মা-বোন যারা সম্ভ্রম হারিয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। তিনি বলেন, আমরা চাই সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ থাকুন। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। দেশে শেখ হাসিনার নেতৃত্বের আরও প্রয়োজন। আমরা মাত্র শুরু করেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার অনেক সুযোগ রয়েছে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, সংগঠনের মহাসচিব ইসমত কাদির গামা, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) আলাউদ্দিন, মহাসচিব (অর্থ) শাহ আলম প্রমুখ।

No comments:

Post a Comment