Sunday, December 6, 2015

প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

প্যারিস জলবায়ু শীর্ষ সম্মেলনে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনতে একটি আইনি বাধ্যবাধকতা চুক্তির ব্যাপারে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল প্যারিসে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে ওই দুই দেশের প্রতিনিধিদের আলাদা আলাদা সাক্ষাতে তারা এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র মনে করে, প্যারিস জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে গুরুত্ব দেয়া উচিত। কারণ, দেশটির জনগণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের সক্ষমতা অর্জন করার জন্য তারা বাংলাদেশের জনগণকে সাধুবাদ জানান। আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের পক্ষে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন সিনেটর কোরি বুকারস, সিনেটর আল ফ্রানকেন, সিনেটর টম উদাল ও সিনেটর জেফ মারকলে। এ সময় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামালউদ্দিন আহমেদ এবং প্যারিস জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ড. কাজী খলীকুজ্জমান আহমেদ এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন উপস্থিত ছিলেন। এদিকে, প্যারিসে পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জলবায়ুবিষয়কমন্ত্রী লর্ড ব্রউনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাজ্য সব সময় বাংলাদেশকে সমর্থন করে যাবে। বাংলাদেশ এবং যুক্তরাজ্য দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে ব্রউনি বলেন, প্যারিসে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি পাস করতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

No comments:

Post a Comment