Sunday, December 6, 2015

কান্তজির মন্দিরে রাসমেলায় বোমা হামলা, আহত ১০

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজির মন্দির প্রাঙ্গণে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা হামলা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে ছয় জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর রাসমেলার যাত্রাপালা, সার্কাসসহ সব ধরনের বিনোদনমূলক আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। হামলার ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মন্দিরের সেবার কাজে নিয়োজিত প্রেমনাথ রায় বলেন, রাত একটার দিকে মন্দির প্রাঙ্গণের বাইরে উত্তরদিকে কৃিষজমিতে ভোলানাথ অপেরা নামের একটি যাত্রা চলছিল। এসময় প্যান্ডেলে বিস্ফোরণ ঘটে। মেলার ইজারাদার মো. হারেছ আলী শাহ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর তারা কাউকে পালিয়ে যেতে দেখেননি। আহতরা প্রায় সবাই শরীরের নিচের অংশে বিশেষ করে পায়ে আঘাত পেয়েছেন। রাসমেলায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুসমিস, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল ও বীরগঞ্জ (এএসপি) সার্কেল  সুজন  সরকার। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আলামত হিসেবে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি সিম্ফনি মোবাইল সেটের তার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটনা হয়। শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আহতরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। আহত সাইদুর জানান, রাত আনুমানিক পৌনে ১টায় রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই যেনো আগুন ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ি ও হুড়োহুড়ি করে সবাই যাত্রা প্যান্ডেল ত্যাগ করার চেষ্টা চালায়। আহত মিঠু জানায়, দৌড়াতে গিয়ে সে দেখে তার পা উঠছে না। রক্তে ভেসে যাচ্ছে পা। কাপড় ব্যবসায়ী জব্বার আলী জানান, এসময় নৃত্য চলছিলো। হঠাৎ গাড়ির চাকা বাস্ট হওয়ার মতো শব্দের সঙ্গে আগুনের ফুলকি দেখা যায়। আলোকিত হয়ে যায় যাত্রা প্যান্ডেল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ সহিরুল্লাহ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। মারাত্মক আহত হয়েছে ৬ জন। চিকিৎসা চলছে তাদের। পুলিশের উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী একরামুল হক জানান। তিনি বলেন, এসময় পুলিশের কয়েকজন সদস্য প্যান্ডেলের পেছনে বসে যাত্রা দেখছিলো। ঘটনার পর পুলিশ মেলা চত্বর থেকে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে বলে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানিয়েছেন। এদিকে হামলার ঘটনার পর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদকে প্রত্যাহার করা হয়েছে।

No comments:

Post a Comment