ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের অন্তর্ভুক্তিতে আরও শক্তিধর দেখাচ্ছিল বরিশাল
বুলস দলকে। তবে মাঠের খেলায় দেখা গেল উলটোটাই। বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার
লীগে (বিপিএল) গতকাল ছন্নছাড়া ব্যাটিং দেখালো বুলস তারকারা। চলতি আসরে দলীয়
সর্বনিম্ন ৮২ রানের নেতিবাচক রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের। এর আগে আসরে
নিজেদের তৃতীয় ম্যাচে ৮৯ রানে ইনিংস গুটিয়েছিল বরিশাল বুলস। বরিশালের লজ্জা
বাড়লো আরও। গতকাল তারা গুঁড়িয়ে গেল ৫৮ রানে। জবাবে ৫৮ বল অব্যবহৃত রেখে ৯
উইকেটে জয় তুলে নেয় সিলেট সুপার স্টারস। মিরপুর শেরেবাংলা মাঠে এদিন ছোট
টার্গেটের পেছনে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই উইকেট খোয়ায় সিলেট সুপার
স্টারস। সিলেটের ইনফর্ম লঙ্কান ওপেনার দিলশান মুনাবিরাকে সাজঘরের পথ দেখান
বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। তবে ধাক্কা সামলে নেন ওপেনার
জুনাইদ সিদ্দিকী ও ওয়ানডাউন ব্যাটসম্যান নাহিদ হাসান। অবিচ্ছিন্ন জুটিতে জয়
নিয়েই মাঠ ছাড়েন তারা। বরিশাল বুলসের বল হাতে তিন ওভারের মিতব্যয়ী স্পেলে
মোহাম্মদ সামি দেন ৯ রান। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট সুপার স্টারস
দলকে নেতৃত্ব দেন পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি। টস জিতে আফ্রিদি
ব্যাটিংয়ে পাঠান প্রতিপক্ষ বরিশাল বুলসকে। চলতি বিআরবি বিপিএলের একমাত্র
সেঞ্চুরিয়ান এভিন লুইস এ দফা উইকেট দিলেন অল্পতেই। আর এবারের বিপিএলে
শুরুটা ভালো হলো না তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের। পাকিস্তানি পেসার
সোহেল তানভীরের ডেলিভারিতে আবদুর রাজ্জাকের হাতে লুইস ক্যাচ দেন ব্যক্তিগত
১২ রানে। পরের ওভারে গেইলকে সাজঘরের পথ দেখান সিলেটের স্বদেশি পেসার
মোহাম্মদ শহিদ। এতে চার ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২২/২-এ। ব্যাট
হাতে দৃঢ়তা দেখাতে ব্যর্থ হন বরিশালের বাকি ব্যাটসম্যানরাও। ব্যক্তিগত এক
অঙ্কের রানে সাজঘরে ফেরেন বরিশাল বুলসের ৯ ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৬ রান
করেন আট নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সামি। আর ২৪ বল বাকি রেখেই গুঁড়িয়ে যায়
বরিশালের ইনিংস। চলতি আসরে আগের সর্বনিম্ন দলীয় সংগ্রহটি ছিল ৮৯ রানের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশাল ওই ম্যাচে হার দেখে ৮ উইকেটে।
আসরে সর্বনিম্ন রানের আগের রেকর্ডটিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
রংপুরের ৮২ রানের জবাবে ওই ম্যাচে ৯ উইকেটে জয় পায় অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল ৪ ওভারের স্পেলে ১২ রানে তিন উইকেট
নেন সিলেটের ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ তারকা রবি বোপারা। স্বদেশি ফাস্ট
বোলার রুবেল হোসেন দুই ওভারে ৬ রানে নেন দুই উইকেট। দুই উইকেট পান অপর
স্বদেশি পেসার মোহাম্দ শহিদ। আর কৃপণ বোলিংয়ে ৪ ওভারের স্পেলে ৫ রানে দুই
উইকেন নেন শহিদ আফ্রিদি। চলতি আসরে ৬ ম্যাচে পাঁচ জয় বরিশাল বুলসের। সমান
ম্যাচে পাঁচ হার দেখেছে সিলেট। আসরে নিজেদের শুরুর ছয় ম্যাচে সিলেট সুপার
স্টারসকে নেতৃত্ব দেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। এবারের
বিপিএল মঞ্চে পা রাখার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস গেইল টুইট করেন-
এবারের বিপিএলে আমি একটি সেঞ্চুরি বুকিং দিয়ে রেখেছি। সংক্ষিপ্ত স্কোর টস: সিলেট, ফিল্ডিং বরিশাল
বুলস: ১৬ ওভার; ৫৮ (গেইল ৮, লুইস ১২, রনি তালুকদার ৩, মেহেদি মারুফ ৪,
মাহমুদুল্লাহ ২, সাব্বির রহমান ৩, সিকুগে প্রসন্ন ২, মো. সামি ১৬, তাইজুল
২, সাজেদুল ইসলাম ১, আল আমিন হোসেন ১*, বোপারা ৩/১২, আফ্রিদি ২/৫, রুবেল
২/৬, শহিদ ২/২৩, তানভীর ১/৯)। সিলেট সুপার স্টারস: ১১.২ ওভার; ৬২/১ (জুনাইদ ৩৪*, নুরুল হাসান ২৩*, সামি ১/৯)। ফল: সিলেট সুপার স্টারস ৯ উইকেটে জয়ী ম্যাচ সেরা: জুনাইদ সিদ্দিকী (সিলেট)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment