Monday, December 7, 2015

যুবদল-ছাত্রদল নেতাদের মুক্তি দাবি

গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে যুবদল ও ছাত্রদল। গতকাল পৃথক বিবৃতিতে তারা এ দাবি জানান। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এক যৌথবিবৃতিতে বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ গণবিচ্ছিন্ন সরকার সারাদেশে যুবদল নেতাদেরকে যেভাবে গ্রেপ্তার করে চলছে তাতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলায় জড়িয়ে দিনাজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোন্নাফ মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু বিনাকারণে সারা দেশে যুবদল নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করে যত চেষ্টাই সরকার করুক সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে জাতি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তারা মুকুলকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেন। এদিকে আলাদা বিবৃতিতে কুমিল্লার লাকসাম পৌর ছাত্রদল সভাপতি ওমর ফারুক রাজু ও রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বর্বরভাবে মারধর করায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, এই অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। শাসকদলের পুলিশ ও দলীয় সাঙ্গ-পাঙ্গসহ সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়ছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে মাঠ ছাড়া করতে ছাত্রলীগ গুণ্ডারা পুলিশের সহায়তায় পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তারা আশা করেন, যদি ৫০ শতাংশও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশবাসী ভোটের মাধ্যমে অবশ্যই তার জবাব দিবে।

No comments:

Post a Comment