Wednesday, December 9, 2015

সীতাকুণ্ডে ২ ভারতীয়কে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ঢাকা ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড থানার নুনাছড়া এলাকায় মুলচানদ সিং (৫৮) ও ভুপেন্দ্রর  সিংহ (৪৫) হামলার শিকার হন। ১০ থেকে ১২ জন লোক এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের কাছ থেকে  কয়েক হাজার ভারতীয় রুপি ও টাকাসহ বেশ কিছু জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ দু’জনসহ আট শিখ ধর্মাবলম্বী চট্টগ্রামে নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান গুরুদুয়ারা পরিদর্শন শেষে ঢাকায় আসার পথে এ হামলার শিকার হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার পর আহতদের ঢাকা বিশ্বদ্যিালয় এলাকায় অবস্থিত গুরুদুয়ারা নানকশাহীতে নেয়া হয়। সেখান থেকে গতকাল সন্ধ্যায় বিমান যোগে তারা ভারতে চলে যান। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় গাড়িচালক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। তবে কারা কেন এই হামলা চালিয়েছে তা গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জানায়নি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কয়েকজন শিখ ধর্মাবলম্বী প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশে আসেন। এরপর তারা ধর্মীয় প্রতিষ্ঠান গুরুদুয়ারা পরিদর্শনে চট্টগ্রাম যান। পরিদর্শন শেষে গত সোমবার রাতে মাইক্রোবাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড নুনাছড়া এলাকায় পৌঁছেন। সেখানে তাদের বহরের একটি মাইক্রোবাস হঠাৎ অকোজো হয়ে পড়ে। চালক গাড়িটি রাস্তার পাশে পার্ক করে মেরামতের কাজ শুরু করেন। এ সময় ১০ থেকে ১২ জন দূর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ভারতীয় নাগরিকরা বাধা দিলে দূর্বত্তরা মুলচানদ সিং (৫৮) ও ভুপেন্দ্রর  সিংহকে (৪৫) কুপিয়ে যখম করে। তাদের মালামাল লুট করে। খবর পেয়ে মিরশরাই ও সীতাকুণ্ড থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মিরশরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল পৌনে ১০ টার দিকে তাদের ভর্তি করা হয়। দু’ঘন্টা চিকিৎসা দেন চিকিৎসক। চিকিৎসা দেয়ার পর পৌনে ১১ টার দিকে তারা হাসপাতাল ছাড়েন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত গুরুদুয়ারা নানকশাহীতে। সেখান থেকে বিকালের ফ্লাইটে তারা ভারতে চলে যান। ডাকাতি না অন্য উদ্দ্যেশে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশ মঙ্গলবার ভোররাতে দুই জনকে আটক করলেও তাদের নাম পরিচয় জানায় নি। মিরশরাইয়ে চিকিৎসা নেয়া হাসপাতালের ব্যবস্থাপক ইকবাল হাসান ভূঁইয়া জানান, মুলচানদ সিং এর পায়ের হাটুতে ও ভুপেন্দ্রর সিংহ এর ডান হাতে আঘাত ছিল।  এ ঘটনায় মাইক্রো চালক অসিম কুমার মালাকার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বিদেশী দুই নাগরিক আহত ও তাদের কাছ থেকে ভারতীয় রুপি, টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।  মামলার বাদী অসীম কুমার বলেন, চট্টগ্রাম শিখ মন্দির পরিদর্শন শেষে ৮ ভারতীয় নাগরিক একটি মাইক্রো করে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোটির সামনের বাম্পার ভেঙে গেলে তা মেরামত করার জন্য গাড়ি থামানো হয়। এমন সময় ১০ থেকে ১২ জন দূর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এতে দুই ভারতীয় নাগরিক আহত হয়। তাদের মিরশরাই একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার পর পুলিশের পাহারায় ঢাকায় পাঠানো হয়েছে।  সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত গুরুদুয়ারা নানক্‌শাহীর কর্মকর্তা দারাসিং মানবজমিনকে বলেন, তারা গত ৩রা নভেম্বর বাংলাদেশে আসে। এরপর চট্টগ্রামে যান। আসার পথে আহত হন। বিকেলের এক ফ্লাইটে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

No comments:

Post a Comment