Thursday, December 24, 2015

ভিনদেশি উৎসবের জুরি সদস্য কাকলী

ভারতের মুম্বাইয়ে আয়োজিত থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনির্মাতা শাহনেওয়াজ কাকলী। এবারই তিনি দেশের বাইরের কোনো চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্য হলেন।
শাহনেওয়াজ কাকলী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অন্যতম বিচারকের দায়িত্ব পালন করবেন।
২০০২ সাল থেকে এ উৎসব হয়ে আসছে। আয়োজন করছে এশিয়ান ফিল্ম ফাউন্ডেশন। এবারেরটি ১৪তম আয়োজন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এসব নিয়ে কথা হলো নির্মাতার সঙ্গে। কাকলী বললেন, ‘এর আগে এ উৎসবে একজন প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলাম। ২০১২ সালে আমার ছবি উত্তরের সুর প্রদর্শিত হয়েছিল এখানে। আর এবার যাচ্ছি বিচারক হিসেবে। জুরি হিসেবে এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’ উত্তরের সুর শ্রেষ্ঠ ছবি হিসেবে ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। এখন কী করছেন? জানতে চাইলে কাকলী বলেন, ‘নতুন ছবির কাজ চলছে। চিত্রনাট্য প্রায় প্রস্তুত। শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।’ এবারের উৎসবে চতুর্থ দিনে দেখানো হবে শাহনেওয়াজ কাকলীর নতুন ছবি নদীজন। উৎসব ওয়েবসাইট থেকে জানা গেছে, একই দিন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি পিঁপড়াবিদ্যা ছবিটিও দেখানো হবে।

No comments:

Post a Comment