Thursday, December 24, 2015

ভাবনার ‘বিরতি ভাবনা’!!

অনিমেষ আইচের ভয়ংকর সুন্দর ছবির নায়িকা ভাবনা ছবিটির শুটিং শুরুর আগে প্রায় ছয় মাস ছোটপর্দার অভিনয় থেকে দূরে ছিলেন। ছবির কাজ শেষ হওয়ার পর আবারও নাটকে ফিরেছেন এই অভিনেত্রী। গেল কোরবানির ঈদে চারটি নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে শুটিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়ে গেছে। তাই হঠাৎ করেই ভাবনা সিদ্ধান্ত নিয়েছেন— এ ছবির মুক্তির আগে আপাতত আর ছোটপর্দায় কাজ করবেন না তিনি।
এ প্রসঙ্গে ভাবনা বলেছেন, ‘এখন এ ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করব। এখন আর কোনো নাটকে অভিনয় করব না ভাবছি। তবে দুই একটা ভালো নাটকের কাজ যদি আসে, তাহলে করতেও পারি। তবে না করার সম্ভাবনাই বেশি।’
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি?
এ প্রসঙ্গে ভাবনা বলেছেন, ‘এই ছবিটি নিয়ে আমার অনেক স্বপ্ন। তাই মুক্তির আগে ছোটপর্দায় বেশি থাকতে চাচ্ছি না। ছবির কাজ অনেক ভালো হয়েছে। তাই চলচ্চিত্রটিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছি।’
‘ভয়ংকর সুন্দর’ ছবির কাজ তো অনেক দিন আগেই শেষ হয়েছে। তাহলে মুক্তির জন্য ছবিটি প্রস্তুত করা হচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে ছবির এই নায়িকা বলেছেন, ‘আমার চরিত্রের মাত্র একটি দৃশ্যের ডাবিংয়ের কাজ বাকি। আর বেশি অংশ আছে ছবির নায়ক পরমব্রতের।’ তিনি জানিয়েছেন, পরমব্রতের কারণে ছবির শুটিংও দেরিতে শুরু করতে হয়েছিল। এখন তিনি কলকাতায় শুটিং নিয়ে ব্যস্ত, তাই ডাবিংটা শেষ করতে পারছেন না। তা না হলে তো আগামী বছরের ফেব্রুয়ারিতেই ছবিটির মুক্তির সময় ঠিক করা হয়েছিল।’
তবে তিনি এও জানিয়েছেন, মাঝে অভিনয়ের জন্য প্রায় এক বছর ক্লাস করতে পারেননি। তাই এই সময়টা তিনি পড়ালেখার কাজেই নিজকে ব্যস্ত রাখবেন।’
এদিকে, ছবির পরিচালক অনিমেষ আইচ জানিয়েছেন, ডাবিং, সম্পাদনার কাজ শেষ করেই নতুন করে ছবির মুক্তি সময় নির্ধারণ করা হবে।
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, ফারহানা মিঠু, লুৎফর রহমান জর্জ, দিহান প্রমুখ।

No comments:

Post a Comment