Tuesday, December 29, 2015

তেলের চালানে কোকেন: দুই আসামির জামিন স্থগিত

চট্টগ্রাম বন্দরে আমদানি করা ভোজ্যতেলের কনটেইনার।
তেলের আড়ালে কোকেন রাখার সন্দেহে নমুনা
পরীক্ষার জন্য এগুলো খোলা হয় l ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরে তেলের চালানের সঙ্গে কোকেন পাওয়ার ঘটনায় করা মামলায় দুই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপ‌ক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. ইমান আলী জামিন আদেশ স্থগিত করেন।
আসামি দুজন হলেন, ওই তেলের চালানের আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা ও পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম মুনীর।
একরামুল হক প্রথম আলোকে বলেন, তেলের চালানের কোকেন পাওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আতিকুর রহমান ও গোলাম মোস্তফাকে ৬ ডিসেম্বর জামিন দেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করা হয়। শুনানি শেষে ওই দুই আসামির হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। ওই দিনই বন্দর থানার পুলিশ মাদক আইনে মামলা করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।
গত ১৯ নভেম্বর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আটজনের বিরুদ্ধে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন।

No comments:

Post a Comment