Wednesday, December 2, 2015

তাড়াহুড়োর অভিযোগ সত্য নয়

তাড়াহুড়ো করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, আমরা কারও নির্দেশে তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করিনি। আমরা জুন মাস থেকেই বলে এসেছি, নির্বাচন ডিসেম্বরে হবে। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শাহনেওয়াজ বলেন, পৌরসভা নির্বাচন মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে করতে হবে। এদিকে জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম রয়েছে। এ ছাড়া বিশ্ব ইজতেমা ও পরীক্ষা সামনে। এসব কারণে ডিসম্বর ছাড়া কোনোভাবে নির্বাচন সম্ভব না। কেউ যদি বলে আমরা তাড়াহুড়া করে তফসিল দিয়েছি, তা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি আরও বলেন, তফসিলের পর বিধি সংশোধন করা হবে বেআইনি। আবার তফসিল দিতে হবে। কিন্তু তা আমাদের পক্ষে সম্ভব না। তবে সুষ্ঠু ভোট আয়োজনের জন্য যা যা করার দরকার, আমরা তা করে যাব। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলেও আশা প্রকাশ করেন এ কমিশনার। আইন বাস্তবায়নে কোনো অনিয়ম হবে কিনা, জানতে চাইলে শাহনেওয়াজ আরও বলেন, এটা পৌরসভা নির্বাচন। ব্যাপক এলাকা নিয়ে নির্বাচন নয়। কাজেই ২৪ ঘণ্টা আগে জানালে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে আইনশৃঙ্খলা পরিচালনাকারীরা। ঘরোয়া সভাতে যেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না হতে পারে সেটাও ভালো করে খেয়াল রাখতে পারবে। তাই সবকিছু আগে থেকে জানাতে হবে। এমপিদের প্রচারণায় অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমরা যখন আচরণবিধি করেছি, তখন কেউ অভিযোগ করে নাই। আমরা সঠিকভাবে বিধি করেছি। আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ভেটিং হয়ে আইন অনুমোদন দেয়া হয়েছে। সার্বিকভাবে আমরা আমাদের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও রাখবো। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছিলাম। যারা সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একটা নির্বাচনে না মানলে পরবর্তী নির্বাচনগুলোতে এর প্রভাব পড়ে। তাই পৌরসভা নির্বাচনে কোনোভাবে ছাড় দেয়া হবে না। শাহনেওয়াজ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। তবে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে। ইসিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একটা বৈঠক হবে।

No comments:

Post a Comment