Tuesday, December 8, 2015

‘১৮ পৌরসভায় জাপা প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেয়নি’

সুষ্ঠু ও নিরপেক্ষ পৌরসভা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন
আওয়ামী লীগ নির্বাচনে হস্তক্ষেপ করে ১৮ স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি। প্রথমেই এ অবস্থা, তাহলে আগামীতে এ নির্বাচনে কী হতে পারে তা সহজেই বোঝা যায়। ইতিপূর্বে সিটি করপোরেশন মেয়র ও  উপজেলা পরিষদ নির্বাচনের কাহিনী আমরা অনেকে দেখেছি ও জানি। এমনটি আর না করে পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণ আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ড ভুলে গিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে এবং এতে করে সরকারের ভাবমূর্তি ভালো হবে। তিনি গতকাল বিকালে রংপুরে তার দর্শনাস্থ পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এরশাদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে ক্ষোভের সঙ্গে বলেন, তাকে নিয়ে বিভিন্ন সময় বলা হয় অবৈধ রাষ্ট্রপতি ও স্বৈরাচার। অথচ তিনি বৈধভাবে নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছেন। তিনি নিজেকে বৈধ রাষ্ট্রপতি দাবি করে বলেন, দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। অথচ আজ দেশের মানুষের মঙ্গল নেই। নেই দেশে গণতন্ত্র। এখন সবাই একবাক্যে বলছে এরশাদের আমলেই দেশ ভালো ছিল। দেশে গণতন্ত্র ছিল। তিনি গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের নির্বাচনে অংশ নিয়েছেন এবং আগামীতেও নেবেন। এ সময় জাপা প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা সদস্য সচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment