Monday, December 7, 2015

বিশ্বে মাথা উঁচু করে চলবো- প্রধানমন্ত্রী

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের সব সময় একথা মনে রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি। আমরা কখনও অন্যের কাছে মাথা নত বা পরাজয় স্বীকার করি না। বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো। গতকাল রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ওয়াইএকে-১৩০ এবং ইতালির তৈরি অনুসন্ধান ও উদ্ধার হেলিকপ্টার অগাস্টা এ ড?ব্লিউ ১৩৯ এর অন্তর্ভুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ঘাঁটিতে পৌঁছলে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু আসরার ও বঙ্গবন্ধু বিমানঘাঁটির কমান্ডার এয়ার কমোডোর এম ওবায়দুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, নৌবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব, কূটনীতিক এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার চেতনায় চালিত হলে সম্পদের সীমাবদ্ধতা কোনো বাধা হতে পারে না। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আস্থার সঙ্গে এগিয়ে যাবে এবং বিশ্বে মর্যাদার স্থান করে নেবে। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির খাতকেও গুরুত্ব দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি গতিশীল হয়েছে। বাংলাদেশ এখন বিশ্ব সমপ্রদায়ের কাছে উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃত। বিগত সাড়ে ৭ বছরে সকল মানবিক সূচকে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। দারিদ্র্যসীমা ২২.৪ শতাংশে নেমে এসেছে এবং ২০২১ সালের মধ্যে তা ১৪ শতাংশে হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ কর হয়েছে। তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বিগত বছরগুলোতে ৬ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬ গুণ বেড়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেক মানুষের জন্য সমৃদ্ধির ব্যবস্থা করা। যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারে। বিমানবাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রথম অত্যাধুনিক মিগ-২৯ সুপারসনিক ফাইটার, সুপরিসর সি-১৩০ কার্গো প্লেন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার ক্রয় করেছে। পর্যায়ক্রমে এফ-৭ বিজিআই ফাইটার, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, আধুনিক আকাশ প্রতিরক্ষা মিশাইল এসএএম এফএম-৯০ বিমানবাহিনীতে সংযোজিত হয়েছে। সব ধরনের এয়ারক্রাফ্‌েটর সংস্কারের জন্য বঙ্গবন্ধু এরোন্যাটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে বঙ্গবন্ধু বিমানঘাঁটি ও কক্সবাজার বিমানঘাঁটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতি যত শক্তিশালী হবে তাঁর সরকার বিমানবাহিনীর জন্য তত আরও নতুন নতুন সংযোজনের উদ্যোগ নিতে সক্ষম হবে। বিমানবাহিনীতে শিগগিরই ৫টি নতুন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার এবং ১২ পিটি-৬ প্রশিক্ষণ বিমান যুক্ত করাসহ ফাইটার প্লেন চালাতে সক্ষম দক্ষ বৈমানিক তৈরি করতে উন্নত প্রশিক্ষণ জেট কেনা হচ্ছে বলে শেখ হাসিনা ঘোষণা করেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন,  ওয়াইএকে প্রশিক্ষকগণ প্রশিক্ষণার্থীদের ঝুঁকি কমাবে ও বিমানবাহিনীর বৈমানিকদের উন্নত প্রশিক্ষণ দিতে সহায়তা করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এর সঙ্গে এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার দেশের দীর্ঘ উপকূলে দুর্যোগকালীন আবহাওয়ায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় সহায়তা করবে। কুর্মিটোলায় বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর পর এ উপলক্ষে আয়োজিত দর্শনীয় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি এডব্লিউ-১৩৯’র সংযোজন আদেশ-এর অফিসার কমান্ডিং বিএএফ উইং কমান্ডার এম আব্বাস আলী এবং ডব্লিউ একে-১৩০’র সংযোজন আদেশ এর অফিসার কমান্ডিং বিএএফ উইং কমান্ডার হাসান আশরাফুজ্জামানের কাছে হস্তান্তর করেন। কুচকাওয়াজের পর প্রধানমন্ত্রী এয়ারক্রাফ্‌ট ও হেলিকপ্টারের ফ্লাইং ডিসপ্লে এবং নতুন সংযোজিত প্রশিক্ষণ এয়ারক্রাফ্‌েটর স্ট্যাটিক ডিসপ্লে প্রত্যক্ষ করেন। এ ছাড়া বঙ্গবন্ধু এরোন্যাটিক্যাল সেন্টারের সংস্কার কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।  রাশিয়ায় তৈরি ফোর্থ প্লাস প্রজন্মের প্রশিক্ষণ যুদ্ধ বিমান ওয়াইএকে-১৩০ এর সঙ্গে ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম, অ্যাটাক সিস্টেম ও ডিজিটাল ফ্লাই-বাই-ওয়ার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সজ্জিত রয়েছে। ইতালির অগাস্টাওয়েস্টল্যান্ড এ ডব্লিউ ১৩৯ হেলিকপ্টারের বৈশিষ্ট্য হলো পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড এভয়নিক্স সিস্টেম ও ৪ এক্সিস ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ উন্নত প্রযুক্তির সন্নিবেশ। নৌ গবেষণা ও উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টারটিতে উচ্চপ্রযুক্তির ফরোয়ার্ড লুকিং ইনফ্রারেড সিস্টেম, ডাইরেকশন ফাইন্ডার, নাইট ভিশন গুগলস, সার্চ লাইট, হইস্ট কিট, ফ্লোট কিট ও অগুমেনটেড হোভার মুড সজ্জিত রয়েছে।

No comments:

Post a Comment