বগুড়ায় শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় আহত
মসজিদের ইমাম শাহীনুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি
করা হয়েছে। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা
হয়। এর আগে সোমবার তাকে স্থানীয় চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। আহত
ইমামের মামাতো ভাই মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনিসহ শাহীনুরের তিন স্বজন একটি অ্যাম্বুলেন্সে
বগুড়া থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছেন। গত ২৬শে নভেম্বর বগুড়ার
শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদে দুর্বৃত্তরা গুলি
চালায়। হামলাকারীদের গুলিতে মুয়াজ্জিন নিহত হন। আহত হন ইমাম শাহীনুর রহমান,
মুসল্লি আফতাব আলী ও আবু তাহের। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে শনিবার আবু তাহেরের গুলি বের
করা হয়। কিন্তু জটিলতার কারণে ইমাম শাহীনুর রহমানের কোমরে লাগা গুলি বের
করা যায়নি। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শাহীনুরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
এদিকে, মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment