Tuesday, December 1, 2015

দিনাজপুরে চিকিৎসককে দুর্বৃত্তদের গুলি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছোড়া গুলিতে ডা. বীরেন্দ্র নাথ রায় (৬২) নামে এক হোমিও চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। আহত ডা. বীরেন্দ্র নাথ রায়কে প্রথমে দিমেক হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। ডা. বীরেন্দ্র নাথ রায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের নাপিতপাড়ার মৃত যগেন্দ্র নাথ রায়ের ছেলে। গত রাত আনুমানিক সাড়ে ১১টায় ইছামতি কলেজ মোড় সংলগ্ন এলাকার প্রভাত কমল দাসের বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১১টায় ডা. বীরেন্দ্র নাথ রায় বাই-সাইকেল যোগে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওইস্থানে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা পিছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার শরীরের পিছনে কোমরের ওপরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুঁটে এসে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় দিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে ভোরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে প্রেরণ করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দিনাজপুর সদর সার্কেল এএসপি হাসানুজ্জামান মোল্লা (হাসান) ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ডা. বীরেন্দ্র নাথ রায় রাণীরবন্দরের সুইহারীবাজারস্থ খানসামা রোডের রায় ফার্মেসী ও সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কৃষাণবাজার ফিলিং ষ্টেশনের মালিক। এছাড়াও তিনি বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের (ইস্কন) দিনাজপুর জেলা কমিটির সভাপতি।

No comments:

Post a Comment