Monday, December 7, 2015

চান্দিনায় মসজিদের খতিবকে কুপিয়ে জখম

কুমিল্লার চান্দিনায় মাহফিলকে কেন্দ্র করে মুফতি সাদেকুর রহমান (৩৫) নামে রাজধানীর এক মসজিদের খতিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মাইজখাঁর ইউনিয়নের টামটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত খতিব মুফতি সাদেক সাদেকুর রহমান ওই গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে এবং স্থানীয় টামটা জামিআ আশরাফুল মাদরাসার অধ্যক্ষ। এ ছাড়া তিনি রাজধানীর কলাবাগান লেকভিউ জামে মসজিদের খতিব। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, শনিবার রাতে টামটা গ্রামের ওই মাদরাসাতে মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিল উপলক্ষে ছাপাকৃত লিফলেটে স্থানের নাম নিয়ে এলাকার কতিপয় মুসল্লিদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শনিবার গভীর রাতে মাহফিল শেষ করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় তার শরীরে ২-৩টি কুপের জখম হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় সাদেকুর রহমানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। রোববার তাকে রাজধানীর সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। ওসি আরও জানান, শনিবার রাতের ঘটনার পর কেউ আমাদের কিছুই জানায়নি। রোববার দুপুরে বিশ্বস্ত সূত্রে এ তথ্য পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সতত্য পাই। তবে আহত খতিবের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি।

No comments:

Post a Comment