বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে দু’দেশের বাণিজ্যিক
বাধাসমূহ দূর করার আহ্বান জানানো হয়েছে। এতে দুই দেশেরই লাভ হবে বলে
জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের উদ্বোধনী
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাণিজ্য সচিব এসব কথা বলেন। গতকাল কাওরান
বাজারের ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) এ বৈঠক শুরু হয়। ভুটানের
অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাশো ইয়াশি ওয়াংদিসহ অন্য প্রতিনিধিরা এ সময়
উপস্থিত ছিলেন। হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, দুই দিনব্যাপী এ বৈঠকে
হাইড্রো পাওয়ার (জলবিদ্যুৎ), মার্কেট অ্যাকসেস, ট্রানজিট, অভ্যন্তরীণ
নৌ-রুট ব্যবহার, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে এলসি
প্রক্রিয়া সহজীকরণ, শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূরীকরণ, ভিসা প্রক্রিয়া
সহজীকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া গত সভার সিদ্ধান্তের
অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ের আলোচনা, আঞ্চলিক
যোগাযোগ ও অভ্যন্তরীণ আঞ্চলিক বাণিজ্য দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এ
দুই দেশ সাউথ এশিয়ান মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা), বে অব বেঙ্গল
ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন
(বিমসটেক) ও বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) সদস্য। ফলে এ দুই
দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সুসম্পর্ক রয়েছে, যার পরিপ্রেক্ষিতে দিন
দিন দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ছে। ২০১৪-১৫ অর্থবছরে দুই দেশের
মধ্যে ৩৩ মিলিয়ন ডলার বাণিজ্যিক লেনদেন হয়, যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ৫০
শতাংশ বেশি। বাণিজ্য সচিব বলেন, এর আগে গত বছরের ৬ই ডিসেম্বর তিন দিনের
রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময়
বাংলাদেশ ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্যসহ
ব্যবসা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক
জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়
বাণিজ্য চুক্তিও নবায়ন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব
পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। আর
ভুটানের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাশো ইয়াশি ওয়াংদির সভাপতিত্বে
১০ জন প্রতিনিধি ঢাকায় এসেছেন। এটা সচিব পর্যায়ের চতুর্থ সভা। এর আগে গত
বছরের এপ্রিল মাসে ভুটানের থিম্পুতে সচিব পর্যায়ের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment