Monday, December 7, 2015

ওরা ৩৪ জন

ফেনীর তিন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাউন্সিলর পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ফেনী, পরশুরাম ও দাগনভূঁইয়া পৌরসভায় সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।  গতকাল ফেনী জেলা রিটার্নিং অফিসে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সময়ে দাগনভূইয়া পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্নিং অফিসার। পরশুরাম পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে একক পদে সরকার দলীয় কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং অফিসার।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক জানান, ফেনী পৌরসভায় ১৮টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। যার মধ্যে ১২টি ওয়ার্ডে ছিল একক প্রার্থী। গতকাল সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র বাছাইয়ে ৬ ও ১৬নং ওয়ার্ডে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে ৬নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় ওয়ার্ডভিত্তিক একক প্রার্থীর সংখ্যা বেড়ে ১৩টিতে উন্নীত হয়েছে। দাগনভূঁইয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম জানান, দাগনভূঁইয়া পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। যার মধ্যে ৪টি ওয়ার্ডে ছিল একক প্রার্থী। গতকাল সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র বাছাইয়ে ১নং ওয়ার্ডে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  ৪টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপর কোন ওয়ার্ডে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ভোটে ৫টি ওয়ার্ডে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে পরশুরাম উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাহেদা আক্তার জানান, পরশুরাম পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই-বাছাইয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একক প্রার্থীরা সকলে সরকারদলীয় সমর্থিত প্রার্থী।  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৩ই ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ফেনী পৌরসভায় মেয়র পদে দুই জন, ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৩টিতে একক প্রার্থী থাকায় ৫টি ওয়ার্ডে কাউন্সিল পদে ১২ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বাকি ২টি ওয়ার্ডে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দাগনভূইয়া পৌরসভায় মেয়র পদে ২ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪টিতে একক প্রার্থী থাকায় ৫টি ওয়ার্ডে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরশুরাম পৌরসভায় মেয়র ও সাধারণ ওয়ার্ডে একক প্রার্থী ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে একটিতে একক প্রার্থী থাকায় বাকি ২টি সংরক্ষিত ওয়ার্ডে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিন পৌরসভায় ৩টি মেয়র পদের বিপরীতে ৮জন, ৩৫টি সাধারণ কাউন্সিলের পদের বিপরীতে ৬২ জন, সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর আগে শনিবার মেয়র পদে মনোনয়নপত্র বাছাইয়ে পরশুরাম পৌরসভায় বিএনপির প্রার্থী মনোনয়নপত্র বাতিল হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

No comments:

Post a Comment