ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ৮ই ডিসেম্বর ইসলামাবাদ সফরে যাবেন।
সেখানে অনুষ্ঠেয় হার্ট অব এশিয়া নামে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন
তিনি। ভারতের শীর্ষ সরকারি কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তার সঙ্গে
সফরে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করও থাকবেন। এ খবর দিয়েছে টাইমস অব
ইন্ডিয়া। এ বছরের জুলাইয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার পর এটাই হবে চির বৈরী
দেশ দু’টির মধ্যে গুরুত্বপূর্ণ কোন যোগাযোগ। সম্মেলনের সাইডলাইনে পাক
প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গেও সাক্ষাৎ হতে যাচ্ছে সুষমা স্বরাজের। বৈঠক হবে
পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গেও। পরেরদিন সন্ধ্যায়ই দেশে ফিরবেন
তিনি। ভারতের সরকারি সূত্রগুলো বলছে, আফগানিস্তানের ওপর অনুষ্ঠেয় এ
সম্মেলনের সাইডলাইনে যে বৈঠক অনুষ্ঠিত হবে তা হবে অনেকটা আনুষ্ঠানিকতার
মতো। কেননা, সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান। ভারত বলার চেষ্টা করবে যে, উভয়
দেশের সমপর্ক পুনঃপ্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ যে সবচেয়ে বড় বাধা তা
পাকিস্তানকে অবশ্যই স্বীকার করতে হবে। ভারত সরকার প্রাথমিকভাবে এ সম্মেলনে
সুষমা স্বরাজের বদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং-কে পাঠাতে চেয়েছিল।
কিন্তু প্যারিসে মোদি ও শরীফের করমর্দনের পর সুষমাকেই পাঠানোর সিদ্ধান্ত
নেয়া হয়। পাকিস্তানে অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশ নিতে সুষমাকেই আমন্ত্রণ
জানানো হয়েছিল। এছাড়া, এ সম্মেলনে আফগানিস্তানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকায়
ভারত এ সম্মেলন এড়াতে পারেনি। তবে পররাষ্ট্র সচিব জয়শঙ্করের সঙ্গে পাক
পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনা খুব কম।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment