Saturday, December 5, 2015

চট্টগ্রামে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী

চট্টগ্রামে আসন্ন ১০টি পৌরসভা নির্বাচনে  ৮টিতে বিএনপি একক প্রার্থী নিশ্চিত করলেও দুটিতে তিনজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুইজন এবং পটিয়ায় একজন বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে  বিএনপির হাই কমান্ড মনে করছে, দলের বৃহত্তর স্বার্থে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। রাজনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। চগ্রামের ১০ পৌরসভার মধ্যে উত্তরের ছয়টি এবং দক্ষিণের চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উত্তরের পাঁচটি এবং দক্ষিণের তিনটিতে একক প্রার্থী নিশ্চিত করেছে বিএনপি। রাঙ্গুনিয়া উপজেলায় দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হেলাল উদ্দীন। দলের মনোনয়ন না পেয়ে সাবেক পৌর মেয়র উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন তালুকদার এবং বিএনপি সমর্থক মফিজুল ইসলামও মনোনয়ন জমা দিয়েছেন। তবে মফিজুল ইসলাম বিএনপির কেউ নয় বলে দাবি করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। এদিকে পটিয়ায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম একক প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিলেও বিএনপি নেতা ইব্রাহীম সওদাগর বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।   পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান  বলেন, কেউ মনোনয়ন জমা দিয়ে থাকলে আলোচনার মাধ্যমে সমাধান হবে। প্রার্থী নির্ধারণে ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে জরিপ চালানো হয়েছে। সবার মতামতের ভিত্তিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। পৌর নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে শাহজাহান বলেন, এই নির্বাচন রাজনৈতিক চ্যালেঞ্জ। আমরা জয়ী হতে চাই।  রাঙ্গুনিয়া ও পটিয়ায় বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তারা প্রত্যাহার করে নিবেন বলে আশা করছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। তবে দক্ষিণ চগ্রামের চন্দনাইশ পৌরসভায় শরিক দল এলডিপি’র প্রার্থীকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিএনপির একক প্রার্থী হিসেবে যথাক্রমে পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও পৌর বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম হোসাইনী একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চন্দনাইশে এলডিপির সভাপতি ও বর্তমান মেয়র আইয়ূব কুতুবী ২০ দলীয় জোটের এককপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলায় মিরসরাইয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পারভেজ, বারৈয়ারহাটে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাইনুদ্দিন লিটন, সীতাকুন্ডে পৌর বিএনপির সদস্য আবুল মনছুর, সন্দ্বীপে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আজমত আলী বাহাদুর এবং রাউজানে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব ও বর্তমান পৌর মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এইদিকে চট্টগ্রামের ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন  বলেন, নির্বিঘ্নে মনোনয়নপত্র জমাদান প্রক্রিয়া শেষ হয়েছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০শে ডিসেম্বর চট্টগ্রামের ১০ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment