২০২২-কাতার বিশ্বকাপের আয়োজনকে সমর্থন করলেন ডেভিড বেকহ্যাম। নতুন দেশে
ফুটবল জনপ্রিয় করে তোলার জন্য এটা ভাল ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির অভিযোগ
পুরনো। ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ঘুষের মাধ্যমে তারা আয়োজক হয়েছে বলে
অভিযোগ। যা নিয়ে তদন্ত করছেন সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
তদন্তে দুর্নীতি প্রমাণ হলে নতুন করে আয়োজক খুঁজতে পারে ফিফা। তবে
ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা বেকহ্যাম চান, ২০২২ বিশ্বকাপ কাতারেই হোক।
বলেন, ‘দুর্নীতি হোক বা না হোক, ওই দেশগুলোকে বাছাই করা হয়েছে। সুতরাং, ওই
দেশের মানুষের এটা পাওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো, ফুটবলকে বিশ্বব্যাপী
ছড়িয়ে দিতে এই আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে।’ এর আগে গত জুনে ফিফার বেশ
কয়েকজন শীর্ষ কর্মকর্তা জানান, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে রাশিয়া ও কাতার
২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব হারাতে পারে। যদিও এই দুটি দেশই
আয়োজক দেশ নির্ধারণে কোনো দুর্নীতি হয়নি বলে জোর গলায় দাবি করে আসছে। এছাড়া
ফিফার তদন্ত ও অভিযোগ কমিটির প্রধান ডমিনিকো স্কালা জানিয়েছেন, ২০১৮ ও
২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে কোনো ধরনের দুর্নীতি হয়নি। তবে অনেকে মনে
করছেন, দুর্নীতি প্রমাণ হলে কাতার বিশ্বকাপ আয়োজন নিয়ে ঝামেলা হলেও রাশিয়া
নিয়ে সেই শঙ্কা কম। কারণ, ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপে খেলার বাছাইপর্ব অনেক
পথ এগিয়েছে। রাশিয়াও বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক কিছু গুছিয়ে ফেলেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment