Friday, January 1, 2016

শত্রু হিসেবে টিকে থাকতে পারবে না ভারত-পাকিস্তান : নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে তার দেশের বিরাজমান সব সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশ চিরকাল পরস্পরের শত্রু হিসেবে বেঁচে থাকতে পারে না।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র পশ্চিমাঞ্চলীয় রুটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এ রুটের ব্যাপ্তি হবে ঝোব থেকে মুঘল কোট এবং কিল্লা সাইফুল্লাহ্‌ থেকে ওয়াগুম পর্যন্ত।
নওয়াজ শরীফ আরো বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জানজুয়া ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে।
পাক প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাম্প্রতিক ইসলামাবাদ সফরের সময় দুই দেশ আবার সংলাপ শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিরাজমান সংকট নিরসনে পাকিস্তান এবং ভারতকে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে বলে জানান তিনি। বিশ্বের সব স্থানের বিবাদ ও সংঘাত আলোচনার মধ্য দিয়ে নিরসন করা হয়েছে বলে স্মরণ করিয়ে দেন শরীফ।

No comments:

Post a Comment