Saturday, January 2, 2016

আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন পণ্য উৎপাদনের আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য উদ্ভাবনী ধারণা, জ্ঞান ও গুণগত মান রক্ষার কৌশল নিয়ে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আপনাদেরকে বিশ্বের বিভিন্ন স্থানে পণ্যের বাজার অনুসন্ধান এবং তাদের চাহিদা অনুযায়ী সেসব পণ্য উৎপাদন করতে হবে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য নতুন জ্ঞান ভিত্তিক কৌশল অবলম্বন করতে হবে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, মাথা উঁচু করে বৈশ্বিক সম্প্রদায়ের মধ্যে বেঁচে থাকার জন্য সারা বিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে এখন আমাদের রফতানি বহুমুখীকরণ এবং প্রচলিত ও অপ্রচলিত পণ্যের জন্য নতুন বাজার অনুসন্ধান করতে হবে। আমাদেরকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ব্যবসার ব্যবস্থাপনায় দক্ষ ও কার্যকর হতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো (বিইপিবি) তাদের যৌথ উদ্যোগে ২১তম এই মেলার আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদে বিরোধী দলের চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, ব্যবসায়ী ও রপ্তানীকারক নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment