Friday, January 1, 2016

ন্যাটোকে হুমকি হিসেবে শনাক্ত রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির জাতীয় নিরাপত্তা কৌশলের হালনাগাদ নথিতে স্বাক্ষর করেছেন। এতে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জাতীয় নিরাপত্তা কৌশলের হালনাগাদ নথিতে গতকাল বৃহস্পতিবার স্বাক্ষর করেন পুতিন।
রাশিয়া প্রতি ছয় বছর পর পর তাদের জাতীয় নিরাপত্তা কৌশল হালনাগাদ করে থাকে।
হালনাগাদ করা জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে রাশিয়ার স্বাধীন অভ্যন্তরীণ ও বিদেশনীতি প্রতি-আক্রমণের শিকার হচ্ছে। এসব দেশ বৈশ্বিক ঘটনাবলীতে আধিপত্য বিস্তারের প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ রাশিয়ার।
নথিতে উল্লেখ করা হয়, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়া তার সামরিকশক্তি জোরদার করছে।
জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার সীমান্ত-সংলগ্ন এলাকায় ন্যাটোর সম্ভাব্য সামরিক স্থাপনা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।
ক্রেমলিনের উপদেষ্টা মিখাইল পোপভের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ন্যাটোর বিস্তারের অর্থ হলো, সামরিক জোটটি রুশ সীমান্তের কাছাকাছি আসছে। তারা রাশিয়ার জন্য বাহ্যিক হুমকি সৃষ্টি করেছে।
২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন-সংঘাতের জের ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি হয়।

No comments:

Post a Comment