Saturday, January 2, 2016

এতিমদের টাকা চুরি নয়, জনগণকে সেবা দেয়ার জন্য সরকার ক্ষমতায় রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমদের টাকা চুরি করার জন্য নয়, জনগণের সেবা করার জন্য তার সরকার ক্ষমতায় এসেছে।
শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস ও সমাজসেবা সপ্তাহ ২০১৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, এতিমদের অর্থ চুরি বা আত্মসাৎ করার জন্য নয় বরং জনগণ ও সমাজের সেবা করার জন্য আমরা সরকারে এসেছি। আমরা এতিমদের কিছু দেয়ার জন্য এসেছি। কারণ আমরা আমাদের বাবা-মাকে হারিয়ে এতিম হয়েছি। আমি ও শেখ রেহানা ছাড়া আর কেউ এতিম হয়ে এতো কষ্ট পায়নি।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে আর কোন এতিম থাকবে না। শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ সরকার সকল এতিমের দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি বলেন, আমি ও আমার সরকার তাদের দায়িত্ব নিয়েছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের জীবন মান উন্নত করা।
প্রধানমন্ত্রী ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজ সেবা অধিদফতরকে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, আমি লক্ষ্য করেছি যে, ভিক্ষা করা কিছু লোকের পেশায় পরিণত হয়েছে। তাদের কিছু সর্দার রয়েছে এবং তারা ভিক্ষা থেকে অর্জন করা অর্থ ভাগ বাটোয়ারা করে নেয়। আমরা তাদের পুনর্বাসন করার পরও তারা আবার পুরনো পেশায় ফিরে আসে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার তাদের জীবিকা এবং বিনামূলে তাদের জন্য বাড়ি নির্মাণ করার লক্ষ্যে প্রয়োজনীয় গ্রহণ করবে। তাদেরকে এই ধরণের নিকৃষ্ট কাজ করতে দেয়া হবে না। এটাই হচ্ছে বাস্তবতা।
ফুটপাতে ও রেলস্টেশনে যারা বসবাস করে ও ঘুমায়, তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদফতরকে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, আমরা খোঁজ নিব যে, তারা কোন গ্রাম থেকে এসেছে। তাদের যদি কোন ঘর-বাড়ি না থাকে তাহলে, আমরা তাদের জন্য বাড়ি তৈরি করবো। প্রয়োজন হলে আমরা প্রথম ছয় মাস তাদেরকে বিনামূল্যে খাবার দেবো।
তিনি বলেন, তারাও মানুষ। তাদেরও উন্নত জীবন যাপনের অধিকার রয়েছে। তারা কেন ফুটপাতে বা রেলস্টেশনে বসবাস করবে বা ঘুমাবে? তিনি আরো বলেন, রাষ্ট্র এ বিষয়ে সকল দায়িত্ব নিবে।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন মেয়াদে তার সরকার অসচ্ছল, অক্ষম ও সুবিধা বঞ্চিত লোকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, এসব কর্মসূচির মধ্যে রয়েছে অক্ষম লোকদের জন্য ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৩৬০ কোটি টাকায় উন্নীত করা, আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে এক লাখ লোকের পুনর্বাসন, এক কোটি ২০ লাখ ভূমিহীন লোকের মধ্যে ৫৫ লাখ একর ভূমি বিতরণ এবং হিজড়া, দলিত ও বেদে সম্প্রদায়ের জন্য দুটি প্রকল্প বাস্তবায়ন।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

No comments:

Post a Comment