Monday, January 18, 2016

নৈতিকতাহীন পুলিশের দায় বাহিনী নিবে না : আইজিপি

নৈতিকতা ও মূল্যবোধহীন পুলিশ সদস্যদের দায় পুরো পুলিশ বাহিনী কখনো নিবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
গতকাল রোববার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-এর পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো বলেন, কিছু বিপথগামী পুলিশ সদস্যের খারাপ কাজের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর পড়তে পারে না। পুলিশ বাহিনীতে অনৈতিক বা অবৈধ কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মিডিয়া নামলেও ব্যবস্থা নেওয়া হবে আবার না নামলেও ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের অনেক ভালো কাজ আছে যেগুলো মিডিয়াতে তেমনভাবে আসে না।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্য অপরাধ করে পার পেয়ে গেছে এ রকম নজির কেউ দিতে পারবেন না। মিডিয়ায় সংবাদ প্রচার হওয়ার আগেই আমরা অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এদের বরখাস্ত করেছি। আমরা কোন অপরাধী পুলিশ সদস্যের প্রতি ন্যূনতম অনুকম্পা দেখাইনি। অপরাধী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হয় এবং দেশের প্রচলিত আইনেও শাস্তি হয়। একটি বিশাল বাহিনীতে দু’একজন অপরাধী থাকা অস্বাভাবিক নয়। এদের বিরুদ্ধে আমরা সব সময় সর্তক রয়েছি।
পুলিশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে তিনি বলেন, এমন কোনো কাজ নেই যা পুলিশ সাহসের সাথে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেনি। দেশে আন্দোলনের নামে কোনভাবেই জঙ্গি কর্মকান্ড চালাতে দেয়া হবে না। দেশে জঙ্গিবাদ দমনে পুলিশ সফলতার সাথে কাজ করে যাচ্ছে। দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্র করেছে পুলিশ তাদের প্রতিহত করেছে। রাজনৈতিক আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ে বাংলাদেশের পুলিশ যে কাজ করছে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোও এ কাজ করতে পারেনি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী (পুনাক) বেগম শামসুন্নাহার রহমান। অনুষ্ঠানে সরকারি পদস্থ কর্মকর্তাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment