Wednesday, January 27, 2016

‘রাজপথে’ শক্তি দেখাল ভারত- ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন

নজিরবিহীন নিরাপত্তায় ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করল ভারত। এর মধ্য দিয়েই আরও একবার বিশ্বকে সামরিক শক্তিমত্তা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বনির্ভরতার স্পৃহা দেখাল বিশ্বের বৃহত্তম এ গণতন্ত্র। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে
স্মের্চ রকেট লঞ্চারের ওপর দাঁড়িয়ে সামরিক
সালাম জানাচ্ছেন এক সেনা l ছবি: এএফপি
প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারত এবার শত্রুপক্ষের হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে তার ভান্ডারে কী কী অস্ত্র মজুত আছে সে সম্পর্কে জনগণের মনে একটি ধারণা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে। সে জন্যই এ বছর প্রদর্শিত হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী টি নাইনটি ট্যাংক ‘ভীষ্ম’। প্যারেডে ছিল পদাতিক বাহিনীর যুদ্ধযান বিএমপি টু শরথ। এ ছাড়াও ছিল ‘ব্রহ্ম’ এবং ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক। বিমানবাহিনী তুলে ধরে তাদের সি ১৭ গ্লোবমাস্টার, সি ১৩০ হারকিউলিস এবং এমআই ১৭ এমভি ৫ যুদ্ধবিমান। এই বিমানগুলো উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর, ইয়েমেন এবং নেপালে বিভিন্ন ধরনের ত্রাণ ও উদ্ধারকাজে ব্যবহৃত হয়েছে। নৌবাহিনী প্রদর্শন করে তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান বহনকারী নির্মীয়মাণ যুদ্ধজাহাজ আইএনএস ‘বিক্রান্ত’-এর মডেল। এ ছাড়া ছিল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত সাবমেরিন ‘কলভারি’র মডেল।
দিল্লির ঐতিহ্যবাহী রাজপথের এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্রথমেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হাজির হন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁকে স্বাগত জানান মোদি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে এক গাড়িতে রাইসিনা হিলস থেকে রাজপথে আসেন ওলাঁদ। তাঁদেরও স্বাগত জানান প্রধানমন্ত্রী।
এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয় ৭৬ জন ফরাসি সেনাসদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন ফরাসি সামরিক ব্যান্ডের ৪৮ জন সংগীতশিল্পী। এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসে কোনো বিদেশি সেনাবাহিনী অংশ নিল।
এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ছিল সেনাবাহিনীর ডগ স্কোয়াডের প্যারেড। ২৬ বছর পর ফের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে শামিল হয় ডগ স্কোয়াড। আর ছিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৫৬টি উটের ‘ক্যামেল স্কোয়াড’। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় অনুষ্ঠানস্থল ও এর আশপাশে বিভিন্ন ধরনের বাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত ছিল উড়োজাহাজ বিধ্বংসী কামান। ওত পেতে তৈরি ছিলেন এক হাজার লক্ষ্যভেদী বন্দুকধারী। সক্রিয় ছিল ১৫ হাজার ক্লোজড সার্কিট ক্যামেরা। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্টের আগমন উপলক্ষে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে সম্প্রতি অভিযান চলে। এতে আইএসের সমর্থক হিসেবে সন্দেহভাজন অন্তত ১৮ জনকে আটক করা হয়।

No comments:

Post a Comment