Wednesday, January 13, 2016

গ্রিসের বিরুদ্ধে বাংলাদেশী শ্রমিকদের মামলা

২০১৩ সালের এপ্রিল মাসে ওই ঘটনায়
আহত বাংলাদেশী শ্রমিক মোহাম্মদকে
তাবুতে তার বিছানায় নিয়ে যাচ্ছেন
সহকর্মীরা (ফাইল ফটো) -নয়া দিগন্ত
২০১৩ সালে গ্রিসে ষ্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশী শ্রমিকেরা এবার দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করেছে। এ মাসের ২০ তারিখের পর শুনানির তারিখ পড়ার কথা রয়েছে।
গ্রিসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদ, যেখানে দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে প্রথমবারের মতো গ্রিসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ষ্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হওয়া শ্রমিকদের ৩০ জন মিলেই মামলাটি করেছেন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন বা কোন ক্ষতিপূরণ দেয়নি গ্রিসের ওই আদালত।
২০১৩ সালের এপ্রিলে গ্রিসের পেলোপন্নেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারে শ্রমিকেরা তাদের ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় ৩২ জন বাংলাদেশী শ্রমিক আহত হন। এরপর খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।
কিন্তু পরবর্তীতে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রিসের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেয়। এছাড়া গ্রিসের ওই আদালত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ বা কোনো ক্ষতিপূরণও দেয়নি বলে জানিয়েছেন জয়নাল আবেদিন। সেকারণেই এখন মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষতিপূরণের আশায় গুলিবিদ্ধ হওয়া শ্রমিকেরা এই মামলা দায়ের করেছেন।
তবে জয়নাল বলছেন, দেশটির সরকার ওই শ্রমিকদের প্রতিবছর নবায়নের শর্তে সেদেশে কাজের অনুমতি দিয়েছে।
গ্রিসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, ওই ঘটনার পর সেখানকার অভিবাসী শ্রমিকদের বেতন পরিশোধে ব্যপারে সচেতন হয়েছে অর্থনৈতিক মন্দা ও শরণার্থী সমস্যায় ভোগা গ্রিসের মালিকেরা। এ নিয়ে সেখানে নিয়মিত আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশী ও অন্যান্য দেশের অভিবাসী শ্রমিকেরা।

No comments:

Post a Comment