Monday, January 11, 2016

মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৬ অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের জানান, সভায় ৩৪ ও ৩৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা থেকে সরকারের কারিগরি/পেশাজীবী ক্যাডারে প্রায় ২৪৭৫টি পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়।
হজ প্যাকেজ-২০১৬ আওতায় দুই প্যাকেজে চলতি বছর ৫ হাজার ব্যালটিসহ মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রথম প্যাকেজে কোরবানীসহ ব্যয় হবে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে কোরবানী ছাড়া ব্যয় নির্ধারিত হয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
বেসরকারি হজ এজেন্টগুলো নির্দিষ্ট সরকারি শর্তে পৃথকভাবে হজ প্যাকেজ করতে পারবে। ব্যালটি ও নন-ব্যালটি উভয় ক্ষেত্রে মূল ব্যয় ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর প্রত্যেক হজযাত্রীকে অন-লাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদেরকে সৌদি সরকারের হজ সনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) কার্ড দেয়া হবে।
শফিউল আলম বলেন, গত বছর কিছু বেসরকারি এজেন্সির অবহেলার কারণে হজযাত্রীদের দুর্ভোগ এবং বিশেষ করে তাদের জিনিসপত্র আনা-নেয়ার সমস্যার কথা মন্ত্রিসভায় আলোচিত হয়। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে তদারকির আশ্বাস দেন।
সচিব বলেন, কারিগরি/পেশাজীবী ক্যাডারের সংরক্ষিত পদে উপযুক্ত প্রার্থীর অভাবে ৩৪ ও ৩৫তম বিসিএস’র মাধ্যমে সরকারি পদ পূরণের সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, ৩৪তম বিসিএস’র প্রার্থীদের মধ্য থেকে ৬৭২টি এবং ৩৫তম বিসিএস থেকে ১৮০৩টি পদ পূরণ করা হবে।
বৈঠকে ২০১৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিপরিষদ বিভাগের পেশকৃত রিপোর্টও আলোচিত হয়। এতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment