Tuesday, January 5, 2016

ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক ছিন্ন- একই পথে বাহরাইন ও আমিরাত

শিয়াপন্থী নেতা শেখ নিমর আল নিমর
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরব একজন প্রভাবশালী শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের জের ধরে ইরানে তাদের দূতাবাস আক্রান্ত হওয়ার পর গত রোববার এ ঘোষণা এল। বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই‍) গতকাল সোমবার একই ধরনের ঘোষণা দিয়েছে। খবর এএফপির।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি রোববার রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে সৌদি আরব। ইরানের কূটনৈতিক মিশনের সব সদস্যকে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হচ্ছে।’ তবে তেহরান এর জবাবে বলেছে, সৌদি আরবের এ সিদ্ধান্ত শেখ নিমর আল-নিমরের (৫৬) মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে যে ‘বড় ভুল’ করেছে, তা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে পারবে না।
সুন্নিপন্থী সৌদি আরবের সঙ্গে শিয়াপন্থী ইরানের সম্পর্ক কয়েক দশক ধরেই ভালো নেই। রিয়াদ মাঝেমধ্যেই অভিযোগ করে থাকে, তেহরান আরব দেশগুলোর বিষয়গুলোতে নাক গলানোর চেষ্টা করে। সিরিয়া ও ইয়েমেন সংঘাত নিয়ে তেলসমৃদ্ধ দেশ দুটি বর্তমানে দুই মেরুতে রয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল-জুবেইর সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ইতিহাস আরব বিষয়গুলোতে নেতিবাচক হস্তক্ষেপ ও শত্রুতার ঘটনায় ভরপুর। বিনাশই তাদের সার্বক্ষণিক সঙ্গী।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ ইরানিরা গত শনিবার তেহরানে সৌদি দূতাবাসে ও ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলা চালায়। এ বিষয়ে আল-জুবেইর বলেন, তেহরানকে সৌদি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিল রিয়াদ। কিন্তু তারা সহযোগিতা করেনি। ইরানিরা সৌদি দূতাবাস রক্ষায় ব্যর্থ হয়েছে।
নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে শনিবার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। নিমর ২০১১ সালে বিভিন্ন দেশে ‘আরব বসন্ত’ শুরুর পর সৌদি আরবের পূর্বাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেন। ২০১২ সালে গ্রেপ্তার হন তিনি। পরে বিচারে সৌদি সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়।
শনিবার রাতে তেহরানে আগুন ধরিয়ে দেওয়া
সৌদি দূতাবাস ভবন l ছবি: এএফপি
ইরানের প্রতিক্রিয়া: কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সৌদি সিদ্ধান্তের সমালোচনা করেছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদোল্লাহিয়ান বার্তা সংস্থা ইরনাকে বলেন, সৌদি আরব একজন ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে বড় ভুল করেছে। (কূটনৈতিক) সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দেশটি সেই ভুল থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে নিতে পারবে না।
আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল অভিযোগ করেছে, সৌদি আরবই আঞ্চলিক উত্তেজনা উসকে দিচ্ছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সৌদি আরব সংকট ও সংঘাতের মধ্যেই তার অস্তিত্ব দেখতে পায়। দেশটি তার অভ্যন্তরীণ সব সমস্যা অন্য দেশে রপ্তানির মাধ্যমেই সেগুলোর সমাধান খুঁজে থাকে।
সৌদির পথে বাহরাইন, সুদান ও আমিরাত: সৌদি আরবের পথ ধরে বাহরাইন ও সুদানও গতকাল ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ টুইটারে বলেছে, মানামা তেহরানের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিএনএর এক খবরে বলা হয়, ইরানে সৌদি কূটনৈতিক মিশনে ‘কাপুরুষোচিত’ হামলা এবং উপসাগরীয় ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের ক্রমবর্ধমান জঘন্য ও বিপজ্জনক হস্তক্ষেপের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সুদান সরকার অবিলম্বে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, তারা ইরানের সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনা এবং আমিরাতে ইরানি কূটনীতিকের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

No comments:

Post a Comment