Tuesday, January 19, 2016

অধূমপায়ী শিক্ষার্থী ভর্তি জাতিকে মাদক থেকে রক্ষা করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অধূমপায়ী ছাড়পত্র ছাড়া কোনো শিক্ষার্থী ভবিষ্যতে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। এ নিয়ম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োগ করা হলে মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব।’ আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা প্রসঙ্গে তিনি এই কথা বলেন।
মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির দল ভাঙা প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ কোনো দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে না। সেনা ছাউনিতে ছুট নেতা নিয়ে গড়ে ওঠা বিএনপি তাদের রণকৌশলে ভুল করে এখন ভাঙনের মুখে পড়তে পারে। এ জন্য কাউকে দোষারোপ করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জে নবসৃষ্ট শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে ৬২৫ কোটি টাকার প্রকল্প মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হয়েছে। এতেই পরিষ্কার হয় আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে যাচ্ছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ, নবনির্বাচিত মেয়র সৈয়দ আবদুর রউফ প্রমুখ।
সন্ধ্যায় মন্ত্রী কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামে ২৫০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

No comments:

Post a Comment