Friday, January 1, 2016

বাংলাদেশের ওষুধ যাবে সারা বিশ্বে by রবিউল হোসেন চৌধুরী

রবিউল হোসেন চৌধুরী
চট্টগ্রামের চার তরুণ-তরুণী—ফাহিমা ফিরোজ, রবিউল হোসেন চৌধুরী, সূচি বড়ুয়া ও এম ফয়সাল রিয়াদ। শিক্ষার টানে তাঁরা পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া ও যুক্তরােষ্ট্র। পড়ালেখার পাশাপাশি রয়েছেন গবেষণায়। তবে এত কিছুর মধ্যেও তাঁদের মন পড়ে থাকে দেশে। স্বপ্ন দেখেন প্রাণের শহর চট্টগ্রামকে ঘিরে। ই–মেইলের মাধ্যমে নতুন বছরে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন প্রথম আলোর কাছে।
সাক্ষাৎকার নিয়েছেন আশরাফ উল্লাহ
‘বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে আগে থেকেই। তবে তা ব্যাপক আকারে নয়। এখনো জটিল রোগের ওষুধের জন্য আমাদের তাকিয়ে থাকতে হয় উন্নত বিশ্বের দেশগুলোর দিকে। আমার স্বপ্ন, বাংলাদেশের ওষুধ যাবে সারা বিশ্বে। দেশের সব শ্রেণির মানুষ ন্যায্যমূল্যে ওষুধ পাবে। আর সেই ওষুধের কারখানা হবে চট্টগ্রামে।’
রবিউল হোসেন চৌধুরী বলছিলেন তাঁর স্বপ্নের কথা। তিনি বলেন, ‘শিক্ষা, গবেষণা ও ব্যবসা-বাণিজ্যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এই শহর। এ জন্য আমাদের শিক্ষা আরও যুগোপযোগী করতে হবে। প্রসারিত করতে হবে পড়াশোনার মান ও গবেষণার ক্ষেত্র।’
রবিউল চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর করছেন জার্মানির জিগেন বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বিভাগে। তাঁর বাড়ি রাউজানে।
রবিউল বলেন, ‘হাজারো সমস্যা থাকলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। আমার প্রত্যাশা, ২০২০ সালের বাংলাদেশ হবে অধিক মনন ও সহনশীল এবং যুক্তিবাদী। বিজ্ঞানের আলো পৌঁছে যাবে গ্রামেও। কেউ মারা যাবে না বিনা চিকিৎসায়।’

No comments:

Post a Comment