Monday, February 1, 2016

হাসপাতালগুলোর পরিচ্ছন্নতায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের হাসপাতালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালে সেখানকার সরকারি হাসপাতালে পরিষেবা প্রদানকারী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মতবিনিময় করেন। সে সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পাঁচ পরিষেবার আধুনিকায়নে মালয়েশিয়ার কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা চান। ওই প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ার ১৪৮টি সরকারি হাসপাতালে পাঁচ ধরনের পরিষেবা কার্যক্রম চালিয়ে আসছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সরকারি হাসপাতাল আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি সহায়তা পেয়ে থাকে। তিনি তাঁর ভাষায় এই ‘যুগান্তকারী’ উদ্যোগকে বাংলাদেশে সফলভাবে প্রয়োগ করতে সহায়তা চান। এ কাজে সহায়তার প্রস্তাব নিয়ে এলে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন মোহাম্মদ নাসিম।

No comments:

Post a Comment