Thursday, February 18, 2016

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ

রাজধানীর শাজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে ক্ষতিপূরণের পরিমাণ এবং সরকারের কোন প্রতিষ্ঠান কত ক্ষতিপূরণ দেবে, তা পূর্ণাঙ্গ রায়ে জানাবেন আদালত।
একটি রিটের ওপর জারি করা রুলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী আব্দুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
রায় ঘোষণার পর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম বলেন, 'আদালত রায়ে শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের কপি বের হলে ক্ষতিপূরণের পরিমাণ এবং কারা কত দেবে, তা জানা যাবে।'
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত পানির পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদ। ২৩ ঘণ্টা চেষ্টার পর তাকে মৃত উদ্ধার করা হয়।
শিশুটি উদ্ধারে অবহেলার বৈধতা চ্যালেঞ্জ করে পরের দিন শিশু অধিকার রক্ষাবিষয়ক সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে আইনজীবী আবদুল হালিম রিট আবেদনটি করেন।
এর পরিপ্রেক্ষিতে গতবছরের ১৫ ফেব্রুয়ারি জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
স্বরাষ্ট্রসচিব, রেলওয়েসচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স), ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

No comments:

Post a Comment