Wednesday, February 17, 2016

ইউপি নির্বাচন: আ’লীগের ২৫০ প্রার্থীর নাম চূড়ান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নের লক্ষ্যে ২৫০ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ১০টি পৌরসভার প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় পুনরায় বৈঠকে বসে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়। দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, আজকের মধ্যে প্রথম ধাপের সব ইউনিয়নের প্রার্থী সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয় বৈঠকে। আর তা নিয়ে বৈঠকে প্রথম ধাপের সব প্রার্থী চূড়ান্ত করে ঘোষণার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ঘোষিত ২৮ মার্চেই দলের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয়ভাবে মনোনয়ন ঘোষণা করবে আওয়ামী লীগ। ইউনিয়ন, থানা ও জেলা হয়ে আসা সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। এর আগে প্রার্থীদের নাম সুপারিশের জন্য জেলা কমিটিগুলোকে চিঠি দেয় আওয়ামী লীগ।

No comments:

Post a Comment