Tuesday, February 9, 2016

জিকায় কেউ আক্রান্ত হলে সরকারি খরচে চিকিৎসা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে জিকা ভাইরাস কোনভাবেই সংক্রামিত হতে পারবে না। সরকার জিকা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দেশে এ ধরণের ভাইরাসে কে আক্রান্ত হলে সরকারি খরচে তার চিকিৎসা হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। বিভিন্ন দেশে জিকা ভাইরাসের সংক্রমণের  প্রেক্ষাপটে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, জিকা ভাইরাস মোকাবেলায় উপযোগী ব্যবস্থা নিয়ে সতর্ক রয়েছে সরকার। জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে ভাইরাস রয়েছে কি না শনাক্ত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে মেডিকেল টিম কাজ করছে। এর মধ্য কাউকে যদি জিকা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায় তার চিকিৎসা খরচ সরকার বহন করবে। মোহাম্মদ নাসিম বলেন, জিকা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো খুবই দরকার। আমাদের দেশের গণমাধ্যম এসব পরিস্থিতিতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে। অতীতে ইবোলা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রেও তারা জনসচেতনতা বাড়াতে কাজ করেছে। এবারও জিকা ভাইরাসের ক্ষেত্রে তারা  শুরু থেকেই সোচ্চার। তিনি বলেন, আমি সকল গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রচার মাধ্যমগুলোতে জিকা ভাইরাস সংক্রান্ত সংবাদ প্রচার করবেন। সঠিক পরিস্থিতি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসরণ না করলে অনেক সময় এ জাতীয় সংবাদ ভীতির সঞ্চার করতে পারে।
জিকা ভাইরাস ঠেকানোর প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক আবুল খায়ের মো. শামসুজ্জামান বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী যেসব ব্যবস্থা নেয়া দরকার, তার সবকিছুই নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্য বাংলাদেশের সবগুলো নৌ, স্থল ও বিমানবন্দরে জিকা ভাইরাসের ব্যাপারে ব্যাপক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ  পর্যন্ত বাংলাদেশে কারও দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক বলেন, জিকার সংক্রমণ হয়েছে এমন দেশ থেকে কেউ যদি বাংলাদেশে প্রবেশ করেন, তাহলে তাঁর প্রবেশস্থল থেকে থেকে বাড়ি পর্যন্ত নজরদারির ব্যবস্থা আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ডিজিটাল পদ্ধতিতে আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীর জিকা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত কার্যক্রম মনিটর করার জন্য ওয়েব ক্যামেরা বসানো হয়েছে।

No comments:

Post a Comment