Friday, February 5, 2016

শুরুতেই ‘বৌদ্ধ বিন লাদেন’র চ্যালেঞ্জের মুখে সুচি

মিয়ানমারের উগ্র বৌদ্ধ নেতা উ উইরাথু নতুন ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারের জন্য হুমকি হয়ে উঠেছে। নির্বাচনের আগে দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রকাশ্যে বিরোধিতা করলেও এবার চ্যালেঞ্জে নামলেন তিনি। ‘বৌদ্ধ বিন লাদেন’ নামে পরিচিত চরমপন্থী উইরাথুও মিয়ানমার থেকে মুসলিম জনগোষ্ঠী নির্মূলের ঘোষণা দিয়েছেন। এতে দেশে জাতিগত সহিংসতা বেড়ে সংকটে পড়তে পারে সুচির সরকার। বৃহস্পতিবার এশিয়া টাইমসের খবরে বলা হয়, উ উইরাথু গত সপ্তাহে ফেসবুকে একটি মুসলিমবিদ্বেষী ভিডিও পোস্ট করেছেন। গ্রাফিক্স ডিজাইনে তৈরি ওই ভিডিওতে একজন মুসলিম কর্তৃক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও হত্যার চিত্র দেখিয়ে সহিংসতার উসকানি দিয়েছেন। তিনি মুসলমানদের ব্যবসা-বাণিজ্য বয়কট ও তাদের ‘প্রতিহত’ করতে বৌদ্ধদের প্রতি আহ্বান জানান। মুসলমানদের সঙ্গে আন্তঃবিবাহ না করা ও সামাজিক মেলামেশা করতেও নিষেধ করেন তিনি। উগ্রপন্থী বৌদ্ধদের কাছে উইরাথু খুব জনপ্রিয়। ফেসবুকে ওই ভিডিও পোস্ট করার আগে উইরাথু বলেন, ‘আমি এনএলডি সরকারকে এসব দেখাতে চাই যাতে দেশে জাতি ও ধর্ম রক্ষায় তারা পদক্ষেপ নিতে পারে।’
মিয়ানমারের ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। মিয়ানমার টাইমস জানিয়েছে, ওই ভিডিও ২০১২ সালের একটি দাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত। ‘ব্ল্যাক ডে’ নামের ছয় মিনিটের ওই ভিডিওতে মা থিদা হুতে নামের এক বৌদ্ধ মেয়ের ধর্ষণ ও হত্যা দেখানো হয়েছে। ২০১২ সালে রাখাইন প্রদেশে এমন ঘটনার কথা প্রচার করে ধর্মীয় ও জাতিগত দাঙ্গা বাধানো হয়েছিল। মুসলমানদের ‘কালার’ (একটি অসম্মানজনক উপাধি) অভিহিত করে বৌদ্ধদের প্রতিশোধের আহ্বান জানানো হয়। ওই দাঙ্গায় সরকারি হিসাবে কমপক্ষে ১৬৭ জনের মৃত্যু ঘটে এবং এক লাখ ৪০ হাজার মুসলমান উদ্বাস্তু হন। সম্প্রতি এই ভিডিও পোস্ট করার পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তিন দিন পর ভিডিওটি সরিয়ে ফেলা হয়। কিন্তু এর মধ্যে ভিডিওটি এক লাখ ২০ হাজার বার দেখা হয়েছে এবং হাজার হাজার কমেন্ট-শেয়ার হয়েছে। ভিডিওটি সম্পর্কে মিয়ানমার টাইমসকে উইরাথু বলেন, ‘এটা তো একটা ট্রেলার। মার্চে সুচির সরকার পূর্ণাঙ্গ ক্ষমতা নেয়ার পর আসল ভিডিও ছাড়ব। এর চেয়ে বড় ভিডিও আমি বানাচ্ছি। এনএলডি সরকারকে জানাতে চাই, ধর্ম রক্ষায় তারা পদক্ষেপ নিক।’
উইরাথুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এনএলডির সিনিয়র নেতা ও দলীয় মুখপাত্র উ উইন হিয়েন বলেন, ‘উইরাথু দেশকে অস্থিতিশীল করে সমস্যা পাকাতে চান। আমি তার কাছে সত্যিকারভাবে জানতে চাই, সে কি আসলেই বৌদ্ধ? নাকি সে অনৈতিক কাজ করে দেশকে সমস্যায় ফেলতে চান।’ এনএলডির মুখপাত্র জানান, উইরাথুর হুমকিতে ভয় পাওয়া হাস্যকর। উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচনের আগে উইরাথু ও তার সমর্থকরা সেনাসমর্থিত ইউএসডিপির পক্ষে ও এনএলডির বিপক্ষে প্রচারণা চালিয়েছিল। এদিকে মিয়ানমারে জাতিসংঘের সমন্বয়ক অফিসের পক্ষ থেকে এই ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, এর মাধ্যমে ঘৃণা, বৈষম্য, শত্রুতা ও সহিংসতার উসকানি দেয়া হচ্ছে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের ডেপুটি পরিচালক উ জারনি উইন বলেন, ‘আমি এই ভিডিওটি দেখিনি। তবে এর সম্পর্কে তথ্য পেয়েছি এবং তা ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করেছি।’

No comments:

Post a Comment